Explore

Search

July 15, 2026 7:46 am

IAS Coaching

মালগাঁও মালিটোলা প্রাথমিক বিদ্যালয়ের বাথরুম থেকে ৫ ফুটের গোখরো উদ্ধার, রক্ষা পেল ছাত্ররা

#কালিয়াগঞ্জ: বড়সড় বিপদের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল দ্বিতীয় শ্রেণির এক ছাত্র। কালিয়াগঞ্জ থানার অন্তর্গত মালগাঁও ১০ নম্বর গ্রাম পঞ্চায়েতের মালগাঁও মালিটোলা প্রাথমিক বিদ্যালয়ের বাথরুম থেকে প্রায় পাঁচ ফুট দৈর্ঘ্যের একটি পূর্ণবয়স্ক গোখরো সাপ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা স্কুলে।

জানা গিয়েছে, দ্বিতীয় শ্রেণির ছাত্র সামসাদ বাথরুমে গেলে সেখানে ফণা তোলা অবস্থায় গোখরো সাপটি দেখতে পায়। আতঙ্কে সে চিৎকার করে বেরিয়ে আসে। তার চিৎকার শুনে বিদ্যালয়ের শিক্ষকরা ছুটে এসে বাথরুমে বড় আকারের গোখরো সাপটি দেখতে পান। মুহূর্তের মধ্যেই বিদ্যালয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।

এরপর বিদ্যালয়ের শিক্ষক মঞ্জর সিদ্দিকি উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিম্যালসের অফিসে খবর দেন। খবর পেয়ে সংস্থার সম্পাদক গৌতম তান্তিয়া এবং বিশাল চৌহান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিদ্যালয়ের বাথরুম থেকে নিরাপদে প্রায় পাঁচ ফুট দীর্ঘ পূর্ণবয়স্ক গোখরো সাপটিকে উদ্ধার করেন।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, স্কুলের মিড-ডে মিলের ঘর এবং একাধিক শ্রেণিকক্ষের মেঝেতে বিভিন্ন জায়গায় ফাটল ও গর্ত রয়েছে। অতীতেও ওই গর্তগুলি থেকে ছোট ছোট গোখরো সাপের বাচ্চা বের হতে দেখা গিয়েছিল। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন উদ্ধারকারী দলের সদস্যরাও।

উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিম্যালসের পক্ষ থেকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও অফিসঘরের ক্ষতিগ্রস্ত মেঝে দ্রুত মেরামতের পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি শিক্ষক ও ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের সাপ সম্পর্কে সচেতন করা হয় এবং সাপের কামড়ের পর কী করণীয় সে বিষয়ে বিস্তারিত জানানো হয়। সংস্থার পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, সাপের কামড় লাগলে কোনো ওঝা বা গুনিনের কাছে না গিয়ে অবিলম্বে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে হবে। এছাড়াও বিদ্যালয়ের চারপাশের জঙ্গল পরিষ্কার রাখা এবং ব্লিচিং পাউডার ছড়ানোর পরামর্শ দেওয়া হয়।

উদ্ধার হওয়া গোখরো সাপটিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। বনদপ্তরের উদ্যোগে সাপটিকে তার স্বাভাবিক আবাসস্থলে নিরাপদে ছেড়ে দেওয়া হবে।

Advertisement
Live Cricket Score
upskillninja