
#রায়গঞ্জঃ বহু প্রতীক্ষিত বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ নতুন রেল প্রকল্প বাস্তবায়নের পথে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল জেলা প্রশাসন। প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণের লক্ষ্যে দক্ষিণ দিনাজপুর জেলার অংশে ডিজিটাল জমি জরিপ (Digital Survey) পরিচালনার জন্য বরাত (টেন্ডার) প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচিত ঠিকাদারি সংস্থাকে ১৮ মাসের মধ্যে অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সম্পূর্ণ জমি জরিপ ও সমীক্ষার কাজ শেষ করতে হবে। এই সমীক্ষার ভিত্তিতেই পরবর্তী জমি অধিগ্রহণের প্রক্রিয়া এগিয়ে যাবে।

জানা গেছে, প্রকল্পের দক্ষিণ দিনাজপুর জেলার অংশে রেলপথের মোট দৈর্ঘ্য ২২.৩৮৫ কিলোমিটার। এই অংশে মোট ৩০১.০৪১ একর জমি অধিগ্রহণের পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত রেললাইনটি জেলার ৩১টি মৌজার উপর দিয়ে অতিক্রম করবে।

রেল প্রকল্পের জমি জরিপের বরাত প্রক্রিয়া শুরু হওয়ায় দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, এই নতুন রেলপথ চালু হলে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। পাশাপাশি বাণিজ্য, কৃষি, শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার খুলবে।

প্রশাসনের এই পদক্ষেপে প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এখন সকলের নজর জমি জরিপ সম্পন্ন হওয়ার পর অধিগ্রহণ ও নির্মাণকাজ কত দ্রুত শুরু হয় তার উপর। স্বাগত জানিয়েছেন ওয়েষ্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স, রায়গঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন সহ সমস্ত বণিক সংগঠন এবং উত্তর দিনাজপুর রেল উন্নয়ন মঞ্চের সদস্যরা।




