Explore

Search

June 27, 2026 11:27 pm

IAS Coaching

মুজিয়া গ্রামে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে সাপ সচেতনতা শিবির ও কৃষকদের নিয়ে দাওয়া বৈঠক

#চন্দ্র নারায়ণ সাহা, কালিয়াগঞ্জঃ শুক্রবার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কালিয়াগঞ্জ বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলার মুজিয়া গ্রামে দুটি গুরুত্বপূর্ণ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। সাপ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব চাষাবাদে উৎসাহিত করাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। প্রথম পর্বে অনুষ্ঠিত হয় সাপ সচেতনতা শিবির। বিজ্ঞান কর্মী মিঠু মল্লিক স্লাইড শোর মাধ্যমে বিভিন্ন প্রজাতির সাপের পরিচিতি তুলে ধরেন।

তিনি বিষধর ও নির্বিষ সাপ চেনার উপায়, সাপ নিয়ে অযথা আতঙ্ক ও প্রচলিত ভ্রান্ত ধারণা, বিভিন্ন কুসংস্কার ও প্রবাদ, সাপে কাটা রোগীর প্রাথমিক চিকিৎসা এবং যথাযথ চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। উপস্থিত গ্রামবাসীরা বিষয়টি অত্যন্ত আগ্রহের সঙ্গে শোনেন এবং নানা প্রশ্নের উত্তরও পান।
দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় দাওয়া বৈঠক, যেখানে স্থানীয় ২৪ জন কৃষককে নিয়ে বর্তমান কৃষির নানা সমস্যা ও তার সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা হয়।

কৃষি প্রযুক্তি সহায়ক ও গবেষক দেবাশীষ দত্ত বর্তমান জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে বিকল্প চাষ পদ্ধতি, প্রতিকূল পরিবেশে কৃষিকাজের কৌশল, জৈব সার ও কীটনাশক তৈরির পদ্ধতি, চাষের খরচ কমিয়ে আয় বৃদ্ধির উপায় এবং দেশি জাতের লঙ্কা, পেঁয়াজ, ধান ও বিভিন্ন সবজি চাষের ঐতিহ্য ও সংরক্ষণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। পাশাপাশি কৃষকদের বর্তমান সমস্যার কথা শোনেন এবং সম্ভাব্য সমাধানের পথও তুলে ধরেন।

গ্রামবাসীদের মধ্যে কর্মসূচি ঘিরে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। তাঁদের বক্তব্য, এই ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান তাঁদের গ্রামে এই প্রথম অনুষ্ঠিত হল। ভবিষ্যতেও এমন কর্মসূচির আয়োজন করা হলে তাঁরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন বলে জানান। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন যোগেশ বর্মন, প্রদীপ কুমার কুন্ডু ও অঞ্জন মজুমদার।

কালিয়াগঞ্জ বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি কার্তিক চন্দ্র পাহান, সম্পাদক সুজয় সরকার, সহ-সম্পাদক জয়া বর্মন, বিজ্ঞান কর্মী প্রণব প্রসাদ কানু, ভানুপ্রতাপ শর্মা ও তিথি শর্মাসহ মোট ১০ জন বিজ্ঞানকর্মী। কর্মসূচিতে প্রায় ১২০ জন গ্রামবাসী অংশগ্রহণ করেন। এই সমগ্র কর্মসূচির সফল বাস্তবায়নে স্থানীয় শিক্ষক ও গ্রামবাসী ভবেন বর্মনের অবদান ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

Advertisement
Live Cricket Score
upskillninja