
#কোলকাতাঃ মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধার পর এবার স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্যও বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, রাজ্যের সরকারি বাসে স্কুল ও কলেজের পড়ুয়াদের আর কোনও ভাড়া দিতে হবে না। অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে।

রাজ্য সরকারের এই ঘোষণায় স্বস্তির হাসি ফুটেছে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর মুখে। বিশেষ করে গ্রামীণ ও মফস্বল এলাকার বহু পড়ুয়া প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দিয়ে স্কুল ও কলেজে যাতায়াত করেন। তাদের পরিবারের উপর পরিবহণ খরচের যে চাপ ছিল, এই সিদ্ধান্তে তা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।

নবান্ন সূত্রে খবর, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও ছাত্রবান্ধব করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থনৈতিক কারণে যাতে কোনও পড়ুয়ার পড়াশোনায় বিঘ্ন না ঘটে, সেই লক্ষ্যেই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে।

ঘোষণার পর থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্ছ্বাসের পরিবেশ দেখা যায়। কলকাতার এক কলেজছাত্রী নবনীতা নন্দী বলেন, “প্রতিদিন যাতায়াতে অনেক টাকা খরচ হত। সরকারের এই সিদ্ধান্ত আমাদের মতো সাধারণ পরিবারের ছাত্রছাত্রীদের অনেক উপকার করবে।”

শিক্ষক মহলের একাংশও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। শিক্ষাবিদের মতে, পরিবহণ খরচ কমলে স্কুল ও কলেজে উপস্থিতির হার আরও বাড়বে এবং পড়াশোনার প্রতি আগ্রহও বৃদ্ধি পাবে।

রাজ্য সরকারের এই নতুন উদ্যোগকে শিক্ষা ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখছেন শিক্ষাবিদরা। এখন নজর থাকবে, এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কী ধরনের নির্দেশিকা জারি করা হয় এবং কীভাবে ছাত্রছাত্রীরা এই সুবিধা গ্রহণ করবে।






