Explore

Search

June 4, 2026 11:13 pm

IAS Coaching

বেসরকারি বাসে উঠছে না মহিলা যাত্রী, প্রতিদিনই লোকসানে বাস মালিকেরা

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ সরকারি নির্দেশিকা অনুযায়ী, ১লা জুন থেকে সরকারি বাসে মহিলা যাত্রীদের বাস ভাড়া লাগছে না। এতেই আর্থিক সংকটের মুখে পড়েছে উত্তর দিনাজপুর জেলায় বেসরকারি বাস পরিষেবা। যাত্রী সংখ্যা কমে যাওয়ায় প্রতিদিনই লোকসানের মুখ দেখতে হচ্ছে বাস মালিকদের। বিশেষ করে মহিলা যাত্রীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়াকে এই পরিস্থিতির অন্যতম কারণ বলে দাবি করেছেন বাস মালিক সংগঠনের প্রতিনিধিরা।

উত্তর দিনাজপুর বাস ও মিনিবাস ওউনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামাণিক জানান, রাজ্য সরকারের গণপরিবহন প্রকল্পের কারণে বেসরকারি বাসে মহিলা যাত্রীদের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে বাস মালিকদের আয়ের উপর।

তিনি বলেন, “একসময় বাসের মোট যাত্রীর একটি বড় অংশ ছিলেন মহিলা যাত্রীরা। বর্তমানে তাঁদের অনেকেই অন্য পরিবহন ব্যবস্থার দিকে ঝুঁকছেন। ফলে প্রতিদিনই বাস মালিকদের লোকসান গুনতে হচ্ছে। ডিজেলের মূল্য, কর্মচারীদের বেতন, রক্ষণাবেক্ষণ খরচ এবং বিভিন্ন করের চাপ ক্রমাগত বাড়লেও আয় সেই হারে বাড়ছে না।”

সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে বহু রুটে বাস চালানোই কঠিন হয়ে পড়েছে। কিছু কিছু ক্ষেত্রে মালিকরা বাধ্য হয়ে ট্রিপ কমিয়ে দিচ্ছেন। এর ফলে সাধারণ যাত্রীদেরও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

বাস মালিকদের মতে, পরিবহন ব্যবস্থাকে সচল রাখতে সরকার ও সংশ্লিষ্ট দফতরের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি দীর্ঘমেয়াদি সমাধান বের করা জরুরি। অন্যথায় ভবিষ্যতে আরও অনেক বেসরকারি বাস রাস্তায় নামানো বন্ধ হয়ে যেতে পারে।

পরিবহন মহলের একাংশের মতে, যাত্রী পরিষেবার মান উন্নয়ন, সময়ানুবর্তিতা এবং আধুনিক সুবিধা বৃদ্ধির মাধ্যমে বেসরকারি বাস পরিষেবাকে আরও আকর্ষণীয় করে তোলার উদ্যোগ নেওয়া প্রয়োজন। তবেই হারানো যাত্রীদের একটি অংশকে পুনরায় বাসমুখী করা সম্ভব হতে পারে।

Advertisement
Live Cricket Score
upskillninja