
#কাঠমান্ডু: টানা ছয় দিন নিখোঁজ থাকার পর অবশেষে জীবিত অবস্থায় উদ্ধার হলেন এভারেস্টজয়ী অভিজ্ঞ পর্বতারোহী দাওয়া শেরপা। তাঁর সুস্থভাবে ফিরে আসার খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে নেপালের পর্বতারোহণ মহল এবং পরিবারের সদস্যরা।

‘হিলারি দাওয়া’ নামেও পরিচিত ৫৭ বছর বয়সী দাওয়া শেরপা গত ২৯ মে ২০২৬ থেকে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট (সাগরমাথা) অভিযানের সময় নিখোঁজ ছিলেন। তাঁর সন্ধানে একাধিক উদ্ধার অভিযান চালানো হলেও প্রথমদিকে কোনও সাফল্য মেলেনি।

বৃহস্পতিবার সকালে সাগরমাথা পলিউশন কন্ট্রোল কমিটি (এসপিসিসি)-র একটি বর্জ্য ব্যবস্থাপনা দল এভারেস্ট বেস ক্যাম্পের দিকে নামার পথে ক্র্যাম্পন পয়েন্টের কাছে তাঁকে দেখতে পায়। উদ্ধারকারীদের দাবি, দাওয়া শেরপা অত্যন্ত দুর্বল অবস্থায় ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছিলেন।

৮কে এক্সপেডিশনস প্রাইভেট লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর পেম্বা শেরপার বক্তব্য অনুযায়ী, উদ্ধারকারী দল দ্রুত তাঁকে নিরাপদ স্থানে নিয়ে যায়। প্রথমে গোরকশেপে নিয়ে যাওয়ার পর হেলিকপ্টারের মাধ্যমে কাঠমান্ডুতে পাঠানো হয়। বর্তমানে তিনি এইচএএমএস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, বুধবারও একটি আকাশপথে অনুসন্ধান অভিযান চালানো হয়েছিল। কিন্তু তখন তাঁর কোনও খোঁজ মেলেনি। ফলে দাওয়া শেরপার জীবিত উদ্ধারের সম্ভাবনা নিয়ে উদ্বেগ বাড়ছিল। সেই পরিস্থিতিতে তাঁর জীবিত অবস্থায় ফিরে আসা কার্যত অলৌকিক ঘটনা বলেই মনে করছেন পর্বতারোহণ বিশেষজ্ঞরা।

দাওয়া শেরপার শারীরিক অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা না গেলেও চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। এভারেস্টের প্রতিকূল আবহাওয়া ও উচ্চতাজনিত ঝুঁকির মধ্যেও ছয় দিন ধরে বেঁচে থাকার ঘটনাকে অসাধারণ মানসিক শক্তি ও অভিজ্ঞতার নিদর্শন বলে মনে করা হচ্ছে।






