
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রায়গঞ্জ পুরসভার প্রশাসক পদ থেকে সন্দীপ বিশ্বাসের পদত্যাগের পরও শহরের নোংরা আবর্জনার সমস্যা কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। শহরের বিভিন্ন প্রান্তে এখনও জমে রয়েছে আবর্জনার স্তূপ। সেই সঙ্গে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ, যার জেরে চরম ভোগান্তির মুখে সাধারণ মানুষ।

গত শুক্রবার ইমেইলের মাধ্যমে প্রশাসক পদ থেকে পদত্যাগ করেন সন্দীপ বিশ্বাস। এরপর আনুষ্ঠানিকভাবে রায়গঞ্জ পুরসভার দায়িত্ব গ্রহণ করেন রায়গঞ্জের মহকুমাশাসক তন্ময় ব্যানার্জী। প্রশাসনিক পরিবর্তনের পর শহরের সাফাই ব্যবস্থা দ্রুত স্বাভাবিক হবে বলে আশা করেছিলেন বাসিন্দারা। তবে বাস্তবে এখনও শহরের রাস্তাঘাট, বাজার এলাকা ও বিভিন্ন পাড়ায় আবর্জনার স্তূপ চোখে পড়ছে।

এদিকে পরিস্থিতি সামাল দিতে পুরসভায় আসেন রায়গঞ্জ বিধানসভার নবনির্বাচিত বিধায়ক কৌশিক চৌধুরী এবং সাংসদ কার্তিক চন্দ্র পাল। তাঁদের পক্ষ থেকে সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হলেও এখনও পর্যন্ত শহরের পরিচ্ছন্নতায় উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

জানা গিয়েছে, দীর্ঘ চার থেকে পাঁচ মাস ধরে বেতন না পাওয়ায় ক্ষোভ ও অসন্তোষে রয়েছেন পুরসভার সাফাইকর্মীরা। আর তারই প্রভাব পড়েছে শহরের দৈনন্দিন সাফাই ব্যবস্থায়। তবে কর্মীদের একাংশের আশা, খুব শীঘ্রই বেতন চালু হবে এবং পরিস্থিতি স্বাভাবিক হবে। তখন ফের আগের মতো পরিচ্ছন্ন শহর ফিরে পাবে রায়গঞ্জবাসী।

স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসনিক বদলের পাশাপাশি দ্রুত বকেয়া বেতন মিটিয়ে সাফাই পরিষেবা স্বাভাবিক না করলে বর্ষার আগে স্বাস্থ্য সংক্রান্ত বড়সড় সমস্যা তৈরি হতে পারে শহরে।






