Explore

Search

May 19, 2026 8:26 pm

IAS Coaching

শাড়ি পরে সাইকেলে এভারেস্ট বেস ক্যাম্প জয়, বর্ধমানের পাপিয়ার অনন্য নজির

#কোলকাতাঃ ছোটবেলা থেকেই সাইক্লিং ছিল নেশা। সেই নেশাকেই এবার জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জে পরিণত করলেন বর্ধমানের মেয়ে পাপিয়া রায়। প্রায় এক মাস ধরে সাইকেল চালিয়ে পৌঁছে গেলেন এভারেস্ট বেস ক্যাম্পে। আর এই পুরো যাত্রাপথে তিনি বজায় রেখেছেন নিজের বাঙালি পরিচয়—শাড়ি পরেই করেছেন এই দুঃসাহসিক অভিযান।

বর্তমানে ৩৫ বছর বয়সী পাপিয়া পেশায় একটি বেসরকারি সংস্থার কর্মী। পাশাপাশি থিয়েটার এবং স্বাধীন চলচ্চিত্রের সঙ্গেও যুক্ত রয়েছেন ফ্রিল্যান্সার হিসেবে। কলকাতার ভিআইপি রোড এলাকায় থাকেন তিনি। গত ১৫ এপ্রিল কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে সাইকেলে যাত্রা শুরু করেন। দীর্ঘ পথ পেরিয়ে ২৪ এপ্রিল পৌঁছন শিলিগুড়ির কাছে পানিট্যাঙ্কি সীমান্তে। সেখান থেকে নেপালে প্রবেশ করে অবশেষে ১৫ মে পৌঁছে যান এভারেস্ট বেস ক্যাম্পে।

বেস ক্যাম্প থেকে পাপিয়া জানান, তাঁর এই অভিযানের অনুপ্রেরণা এসেছে শৈশব থেকেই। তিনি বলেন, “আমরা বর্ধমানের গ্রামে থাকতাম। বাবা চাকরি করতেন অনেক দূরে। প্রায় ৮০-৯০ কিলোমিটার দূর থেকে বাবা আমার জন্য সাইকেল কিনে পুরো রাস্তা চালিয়ে বাড়ি ফিরেছিলেন। তখনই বুঝেছিলাম, শুধু বাস বা ট্রেন নয়, সাইকেলেও অনেক দূর যাওয়া সম্ভব। সেই থেকেই স্বপ্ন দেখতাম সাইকেলে পৃথিবী ঘোরার।”

তবে এই পথ মোটেও সহজ ছিল না। রক্ষণশীল পরিবারে বড় হওয়া পাপিয়া জানান, তাঁর স্বাধীনচেতা ঠাম্মার উৎসাহই তাঁকে সাহস জুগিয়েছে। লকডাউনের সময় থেকেই এভারেস্ট বেস ক্যাম্প পর্যন্ত সাইক্লিংয়ের পরিকল্পনা মাথায় আসে। পরে ধীরে ধীরে সেই স্বপ্ন বাস্তবের রূপ নেয়।

যাত্রাপথে নানা বাধার মুখেও পড়তে হয়েছে তাঁকে। পশ্চিমবঙ্গে নির্বাচনের কারণে সীমান্ত কিছুদিন বন্ধ থাকায় এবং বেস ক্যাম্পে ওঠার অনুমতি পেতে মোট চারদিন সাইক্লিং বন্ধ রাখতে হয়েছিল। এছাড়া শেষের দুর্গম পাহাড়ি রাস্তায় সাইকেলের একাধিক অংশ ভেঙেও যায়।

মনজো চেক পোস্ট থেকে ফোনে পাপিয়া বলেন, “এখন অনেক জায়গায় সাইকেল কাঁধে করে নামতে হচ্ছে। সমতলে পৌঁছলে আবার সারিয়ে চালাবো।” প্রচণ্ড ঠান্ডার কারণে হাত কাঁপছিল, তাই মেসেজ টাইপ করতে না পেরে মূলত ভয়েস নোটের মাধ্যমেই যোগাযোগ করেন তিনি।

কবে দেশে ফিরবেন, তা এখনও ঠিক করেননি পাপিয়া। আপাতত অ্যাডভেঞ্চারের নেশাতেই ডুবে রয়েছেন তিনি। তাঁর এই সাফল্য ইতিমধ্যেই বহু তরুণ-তরুণীর কাছে অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে।

Advertisement
Live Cricket Score
upskillninja