Explore

Search

September 12, 2026 6:05 pm

IAS Coaching

রাধিকাপুর স্টেশনে লুপ লাইনের কাজ কার্যত স্তব্ধ, ক্ষোভে ফুঁসছেন জেলাবাসী

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলার প্রান্তিক স্টেশন রাধিকাপুর রেলস্টেশন-এ লুপ লাইনের কাজ প্রায় বন্ধ হয়ে পড়ায় ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। গত দেড় থেকে দু’মাস ধরে কার্যত স্থবির হয়ে রয়েছে নির্মাণকাজ। ফলে দীর্ঘদিনের প্রত্যাশিত রেল পরিষেবা উন্নয়ন অনিশ্চয়তার মুখে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

রেলের পরামর্শদাতা কমিটির সদস্য অঙ্কুশ মৈত্র জানান, এই প্রকল্পের জন্য রেলমন্ত্রক প্রায় ১৮ কোটি টাকা বরাদ্দ করেছিল। নির্ধারিত সময় অনুযায়ী চলতি বছরের ৩১ মার্চের মধ্যেই কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে কাজের অগ্রগতি অত্যন্ত ধীর, এমনকি বর্তমানে প্রায় বন্ধ অবস্থায় পড়ে রয়েছে বলে দাবি তাঁর। ইন্টারলকিংয়ের কাজেও গাফিলতি হচ্ছে। কাটিহার থেকে ইঞ্জিনিয়াররা কবে আসবেন, কেউ জানে না।

তিনি আরও বলেন, “লুপ লাইন চালু হলে দূরপাল্লার ট্রেন চলাচলে বাড়তি সুবিধা হত। ট্রেন ক্রসিং ও অপারেশনাল সমস্যা অনেকটাই কমত। উত্তরবঙ্গের রেল যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প।”

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজ ঝুলে থাকায় রাধিকাপুর রেলস্টেশনের উন্নয়ন থমকে গিয়েছে। যাত্রীদেরও নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে ভবিষ্যতে নতুন দূরপাল্লার ট্রেন চালু কিংবা ট্রেনের সময়ানুবর্তিতা রক্ষায় এই লুপ লাইনের বড় ভূমিকা থাকার কথা ছিল।

এমন পরিস্থিতিতে ক্ষোভ উগরে দিয়েছেন জেলার বাসিন্দারা। তাঁদের একাংশের অভিযোগ, নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে এবং কাটিহার ডিভিশন-এর গাফিলতির কারণেই প্রকল্পের কাজ থমকে রয়েছে। দ্রুত কাজ সম্পূর্ণ করে লুপ লাইন চালুর দাবিতে সরব হয়েছেন সাধারণ মানুষ থেকে রেল যাত্রী সকলেই।

Advertisement
Live Cricket Score
upskillninja