
#কলকাতাঃ রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে এবার সকালের প্রার্থনার সময় বাধ্যতামূলকভাবে ‘বন্দেমাতরম’ গাওয়ার নির্দেশ ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। সম্প্রতি স্কুলের প্রধান শিক্ষকদের একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি নির্দেশিকা ঘুরতে দেখা গিয়েছে, যেখানে জেলা বিদ্যালয় পরিদর্শকের পক্ষ থেকে বলা হয়েছে, রাজ্যের সমস্ত স্কুলে অবিলম্বে সকালের অ্যাসেম্বলিতে সকল ছাত্রছাত্রীকে ‘বন্দেমাতরম’ গাইতে হবে।

হোয়াটসঅ্যাপ মারফত ছড়িয়ে পড়া ওই নির্দেশিকায় লেখা রয়েছে—
> “The singing of Vande Mataram during morning assembly prayers prior to the start of classes should be made mandatory so that Vande Mataram should be sung by all the students in all schools in the state with immediate effect. Necessary instructions may be issued to all concerned officers with immediate effect.”

এই নির্দেশ সামনে আসতেই শিক্ষা মহল ও রাজনৈতিক অন্দরে শুরু হয়েছে জোর চর্চা। একাংশের মতে, জাতীয়তাবোধ জাগ্রত করতে ‘বন্দেমাতরম’ গাওয়া কোনও অস্বাভাবিক বিষয় নয়। তবে অন্য অংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাংলার বহু স্কুলে সকালের প্রার্থনায় ‘বাংলার মাটি বাংলার জল’ চলছিল। সেটা সরিয়ে নতুন নির্দেশ চাপিয়ে দেওয়া হচ্ছে কি না, তা নিয়েই উঠছে প্রশ্ন।

শিক্ষক মহলের একাংশের বক্তব্য, এখনও পর্যন্ত শিক্ষা দফতরের তরফে কোনও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসেনি। তবে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো নির্দেশের ভাষা যথেষ্ট কড়া এবং সেখানে “mandatory” বা বাধ্যতামূলক শব্দ ব্যবহৃত হওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে বিভিন্ন স্কুলে।

বিরোধী রাজনৈতিক দলগুলিও বিষয়টি নিয়ে সরব হতে শুরু করেছে। তাদের অভিযোগ, শিক্ষাঙ্গনকে রাজনৈতিক ও মতাদর্শগত পরীক্ষাগারে পরিণত করা হচ্ছে। যদিও শাসক শিবিরের ঘনিষ্ঠ মহলের দাবি, ‘বন্দেমাতরম’ দেশের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত এক ঐতিহাসিক গান এবং তা গাওয়াকে বিতর্কের বিষয় করা উচিত নয়। এদিকে, বহু প্রধান শিক্ষকই এখন সরকারি লিখিত নির্দেশের অপেক্ষায় রয়েছেন। শিক্ষা দফতর আনুষ্ঠানিকভাবে কী অবস্থান নেয়, সেদিকেই নজর রাজ্যের শিক্ষা মহলের।






