Explore

Search

May 13, 2026 4:51 pm

IAS Coaching

রায়গঞ্জ শহরে কৃষ্ণচুড়া ও জারুল ফুলের রঙিন সমাবেশ

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রঙের উৎসব পেরিয়ে গেলেও, গ্রীষ্ম বর্ষার নরম রোদ্দুরে রায়গঞ্জ শহর এখন এক রঙের উৎসবে মেতে উঠেছে। জাতীয় সড়কের ধারে, শহরতলির অলিগলি এবং কুলিক অভয়ারণ্যের বিস্তীর্ণ এলাকায় যেন এক অবিরাম বর্ণিলতার ঢেউ। যেখানে চোখ যায়, সেখানে দেখা মিলছে জারুলের বেগুনি, কৃষ্ণচূড়ার লাল আর অমলতাসের উজ্জ্বল হলুদ ফুলের মনকাড়া মেলবন্ধন। পথচলতি মানুষ থেকে শুরু করে ভিনশহরের ভ্রমণপিপাসুরাও মুগ্ধ হচ্ছেন এই অপরূপ দৃশ্য দেখে।

কুলিক অভয়ারণ্য ছাড়াও শিয়ালমনি উপবন, আব্দুল ঘাটা উপবন, পিরোজপুরের উপবন, কর্ণজোড়া চত্বর এবং ৩৪ নম্বর জাতীয় সড়কের দু’পাশে ফুটে থাকা রঙিন ফুলের বাহার শহরবাসীর মন জয় করে নিয়েছে। শহরের এম জি রোড, এন এস রোড ও প্রণবানন্দ সরণি এখন যেন একেকটি রঙের কার্পেট। স্কুলশিক্ষক বিশ্বজ্যোতি ভৌমিক জানান, করোনেশন হাই স্কুল চত্বর, কোর্ট চত্বর এবং রেলস্টেশন এলাকা কৃষ্ণচূড়ার লালে লাল হয়ে উঠেছে। যানজটের শহরেও আজ যেন এক অন্য রকমের হাতছানি।

শিল্পী অঞ্জন রায় বলেন, রায়গঞ্জের জারুল, কৃষ্ণচূড়া, রাধাচূড়া এখন শহরটাকেই সাজিয়ে তুলেছে এক অপূর্ব শিল্পকর্মে। প্রকৃতি যেন নিজেকে উজাড় করে দিয়েছে।

শহরের বহু মানুষই প্রতিদিন মোবাইল ফোন বা আধুনিক ক্যামেরায় বন্দী করছেন এই মুহূর্তগুলো। পুরনো রায়গঞ্জ যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। গ্রীষ্মের দাবদাহের মধ্যেও এই চোখ জুড়ানো রঙের উৎসব শহরবাসীর কাছে হয়ে উঠেছে অনন্য অভিজ্ঞতা। সকাল-বিকেল শহরের নানা প্রান্তে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা, যারা এই রঙিন শহরের সৌন্দর্যে নিজেদের মন ভরাচ্ছেন।

রায়গঞ্জ শহর যেন প্রকৃতির হাতে আঁকা এক রঙিন ক্যানভাস হয়ে উঠেছে—একটু ভালোবাসার ছোঁয়া পেলেই যা আরও দীপ্তি ছড়িয়ে দেবে।

Advertisement
Live Cricket Score
upskillninja