Explore

Search

May 11, 2026 8:59 pm

IAS Coaching

বন্ধ চক্ষু ব্যাঙ্ক পুনরায় চালুর দাবিতে সরব বিজ্ঞানমঞ্চ

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ “মানুষের জন্য বিজ্ঞান, জীবনের জন্য বিজ্ঞান” — এই শ্লোগানকে সামনে রেখে রায়গঞ্জে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের এক প্রস্তুতি সভা। সভা থেকে রায়গঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা আই ব্যাঙ্ক পুনরায় চালুর দাবিও জোরালোভাবে তোলা হয়। জানা গেছে, আগামী ১৩ ও ১৪ জুন রায়গঞ্জ শহরে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কাউন্সিল সভা অনুষ্ঠিত হতে চলেছে। সেই সভাকে সফল করতে রবিবার রায়গঞ্জের এবিটিএ ভবনে আয়োজন করা হয় প্রস্তুতি সভার।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি অনিরুদ্ধ সিনহা। উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুনীল দাস এবং উত্তর দিনাজপুর জেলা সম্পাদক চিকিৎসক পার্থ প্রতিম ভদ্র। এছাড়াও সভায় অংশ নেন পি আর সি, মেডিকেল রিপ্রেজেনটেটিভ ইউনিয়নের সদস্যরা, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা।

সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা সম্পাদক ডাঃ পার্থ প্রতিম ভদ্র জানান, এই প্রথম রায়গঞ্জে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কাউন্সিল সভা অনুষ্ঠিত হতে চলেছে। কর্ণজোড়া বি.এড কলেজে দু’দিন ধরে এই কাউন্সিল সভা চলবে। জেলার চোপড়া, ইসলামপুর, কানকি, ডালখোলা, কালিয়াগঞ্জ ও রায়গঞ্জে বিজ্ঞান বিষয়ক একাধিক সেমিনারের আয়োজন করা হবে। রাজ্যের ২৩টি জেলা থেকে প্রায় দেড়শোরও বেশি প্রতিনিধি এই কাউন্সিল সভায় অংশ নেবেন বলে জানা গিয়েছে।

তিনি আরও জানান, তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ব্যবহার এবং বিজ্ঞান বিষয়ে ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়াতে বিশেষ সেমিনারের আয়োজন করা হবে। সেখানে আলোচনায় অংশ নেবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা নন্দিনী চ্যাটার্জি।

এদিনের সভায় বিভিন্ন উপ-সমিতিও গঠন করা হয়েছে। কাউন্সিল সভার আগে একটি রক্তদান শিবির আয়োজনের পরিকল্পনাও নেওয়া হয়েছে। পাশাপাশি বহু মানুষ স্বেচ্ছায় মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্র জমা দিয়েছেন বলেও জানান সংগঠনের সদস্যরা।

প্রস্তুতি সভা থেকে রায়গঞ্জ হাসপাতালের বন্ধ হয়ে থাকা আই ব্যাঙ্ক পুনরায় চালুর দাবিও উঠে আসে। বিজ্ঞানমঞ্চের পক্ষ থেকে জানানো হয়, মানুষের দীর্ঘদিনের দাবিকে মর্যাদা দিয়ে রায়গঞ্জ জেলা হাসপাতালে অত্যাধুনিক আই ব্যাঙ্ক চালুর জন্য সরকার ও স্বাস্থ্য দপ্তরের কাছে প্রস্তাব পাঠানো হবে।

Advertisement
Live Cricket Score
upskillninja