
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ আগামী ১১ ও ১২ মে ২০২৬ তারিখে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)-এর বার্ষিক সম্মেলন। দেশের শিল্প ও বাণিজ্য জগতের অন্যতম গুরুত্বপূর্ণ এই সম্মেলনে উপস্থিত থাকবেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী, উদ্যোক্তা এবং বিভিন্ন শিল্পগোষ্ঠীর প্রতিনিধিরা। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের সফল পেশাজীবী ও শিল্প-বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও তাঁদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরবেন।

এই সম্মেলনে অংশগ্রহণ করতে চলেছেন রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের প্রায় ১৮ জন সদস্য, যাঁরা সিআইআই-এরও সদস্য। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অংশগ্রহণ শুধুমাত্র ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না, বরং উত্তর দিনাজপুর জেলার শিল্প, বাণিজ্য, অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নের সম্ভাবনাকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে তুলে ধরার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সংগঠনের সভাপতি ডাঃ শান্তনু দাস জানান, সিআইআই শুধু জাতীয় স্তরের একটি সংগঠন নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও এটি অত্যন্ত প্রভাবশালী শিল্প ও বাণিজ্য মঞ্চ হিসেবে পরিচিত। ফলে এই সম্মেলনে উপস্থিত থাকার মাধ্যমে উত্তর দিনাজপুর জেলার শিল্প-বাণিজ্য, অর্থনীতি এবং পরিকাঠামোগত উন্নয়নের সম্ভাবনাগুলিকে সর্বভারতীয় ও আন্তর্জাতিক স্তরে তুলে ধরার এক বিশেষ সুযোগ তৈরি হবে।

এই সফরের মূল লক্ষ্য শুধুমাত্র সম্মেলনে অংশ নেওয়া নয়, বরং জেলার অর্থনৈতিক উন্নয়ন, শিল্প ও ব্যবসায়িক সম্প্রসারণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং পরিকাঠামোগত অগ্রগতির সম্ভাবনাকে জোরালোভাবে উপস্থাপন করা। সংগঠনের সম্পাদক অতনু বন্ধু লাহিড়ীর মতে, দীর্ঘদিন ধরে অবহেলিত উত্তর দিনাজপুর জেলার সম্ভাবনাকে সঠিকভাবে তুলে ধরতে পারলে আগামী দিনে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।

এ প্রসঙ্গে ডাঃ শান্তনু দাস এবং অতনু বন্ধু লাহিড়ী আরও বলেন, “উত্তর দিনাজপুর জেলায় শিল্প ও ব্যবসার বিপুল সম্ভাবনা রয়েছে। সঠিক পরিকল্পনা, বিনিয়োগ এবং জাতীয় স্তরে উপস্থাপনার মাধ্যমে এই জেলাকে উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসা সম্ভব। সিআইআই-এর মতো একটি আন্তর্জাতিক মানের মঞ্চে অংশগ্রহণ সেই পথকে আরও সুগম করবে।”






