
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ ভোটের আর মাত্র চার দিন বাকি। কিন্তু এখনও পর্যন্ত এলাকায় কোনও প্রার্থী প্রচারে না আসায় চরম ক্ষোভ ও হতাশা ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। ঘটনাটি ৩৪ নম্বর কালিয়াগঞ্জ বিধানসভার অন্তর্গত দক্ষিণ গোয়ালপাড়া কদমতলা এলাকার। এখানে ভোট প্রার্থী হিসেবে মূল লড়াইয়ে রয়েছেন বিজেপির উৎপল মহারাজ এবং তৃণমূল কংগ্রেসের নিতাই বৈশ্য।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অন্যান্য এলাকায় জোরকদমে প্রচার চললেও তাদের এলাকায় এখনও পর্যন্ত কোনও রাজনৈতিক দলের প্রার্থীকে দেখা যায়নি। ফলে ভোটকে ঘিরে উৎসাহ তো দূরের কথা, উল্টে তৈরি হয়েছে একরাশ ক্ষোভ।

স্থানীয় বাসিন্দা তথা পেশায় চিকিৎসক সঞ্জীব মন্ডল বলেন, “৩৪ নম্বর কালিয়াগঞ্জ বিধানসভার অন্তর্গত দক্ষিণ গোয়ালপাড়া কদমতলায় আজ পর্যন্ত একজন ক্যান্ডিডেটও আসেনি। ভোটের আগেই যদি এই অবস্থা হয়, তাহলে ভোট ফুরালে কী হবে! এবার আমরা কি ‘নোটা’ তে ভোট দেব, সেটাই ভাবছি।”

অন্য এক বাসিন্দা মিটু শীল বলেন, “প্রতিবার ভোটের আগে নেতারা নানা প্রতিশ্রুতি দিতে আসেন। কিন্তু এবার কাউকেই দেখা যাচ্ছে না। আমাদের সমস্যার কথা শোনারও কেউ নেই। রাস্তা, পানীয় জল, ড্রেনেজ—সব সমস্যাই রয়ে গেছে আগের মতোই।”

এলাকার বাসিন্দাদের একাংশের মতে, এই উপেক্ষার জেরে ভোটের দিন প্রভাব পড়তে পারে ভোটের হারে। অনেকেই ‘নোটা’ (None of the Above) অপশন বেছে নেওয়ার কথাও ভাবছেন বলে জানিয়েছেন। সব মিলিয়ে ভোটের মুখে দক্ষিণ গোয়ালপাড়া কদমতলায় প্রার্থীদের অনুপস্থিতি বড় প্রশ্নের মুখে ফেলেছে রাজনৈতিক দলগুলির সংগঠন ও জনসংযোগকে। এখন দেখার, বাকি কয়েক দিনে পরিস্থিতি বদলায় কি না।






