Explore

Search

August 9, 2026 9:06 pm

IAS Coaching

উচ্চ মাধ্যমিকের ৪র্থ সেমেস্টারে পরিবর্তন: এক্সট্রা পাতা আট নয়, নির্দিষ্ট খাতাতেই লিখতে হবে উত্তর

#কোলকাতাঃ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফের বদল আসছে নিয়মে। আসন্ন চতুর্থ সেমেস্টার থেকেই পরীক্ষার্থীদের আর অতিরিক্ত পাতা দেওয়া হবে না। এতদিন পর্যন্ত প্রত্যেক পরীক্ষার্থীকে আট পাতার উত্তরপত্রের সঙ্গে প্রয়োজন হলে বাড়তি পাতা দেওয়ার ব্যবস্থা ছিল পরীক্ষাকেন্দ্রে। কিন্তু ২০২৬ সালের ৪র্থ সেমেস্টার থেকে বদলে যাচ্ছে সেই বিধান।

সংসদ সূত্রে জানা গেছে, এ বার থেকে পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে ১২ পাতার একটি নির্দিষ্ট উত্তরপত্র, যেখানে মোট ২৩টি পৃষ্ঠার মধ্যেই লিখতে হবে সম্পূর্ণ উত্তর। অর্থাৎ অতিরিক্ত পাতা চাইলেও আর পাওয়া যাবে না।

চলতি বছর উচ্চ মাধ্যমিকে সেমেস্টার পদ্ধতি চালু হওয়ার পর চতুর্থ সেমেস্টারেই প্রথমবার এভাবে উত্তরপত্রে পরিবর্তন আনা হচ্ছে। এই সেমেস্টারে সংক্ষিপ্ত ও বর্ণনামূলক— দুই ধরনের প্রশ্ন থাকবে। যেসব বিষয়ে প্র্যাকটিক্যাল রয়েছে, সেখানে লিখিত পরীক্ষা হবে ৩৫ নম্বরের, আর অন্য বিষয়গুলির ক্ষেত্রে পরীক্ষার নম্বর ৪০।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, “এ বার চতুর্থ সেমেস্টারে বাড়তি পাতা দেওয়া হবে না। যে খাতার ব্যবস্থা হয়েছে, তার মধ্যেই পরীক্ষা শেষ করতে হবে।” সংসদের ব্যাখ্যা, বার্ষিক পরীক্ষার ৮০ বা ৭০ নম্বরের বদলে সেমেস্টারভিত্তিক নম্বর অর্ধেক হওয়ায় পরীক্ষার্থীদের অতিরিক্ত পাতার দরকার হবে না বলেই এই সিদ্ধান্ত।

তবে পাশাপাশি পুরনো বার্ষিক পদ্ধতিতেও পরীক্ষা নেওয়া হবে আগামী ১২ ফেব্রুয়ারি থেকে। সেখানে আগের বছরের ছাত্রছাত্রীরা পুরনো নিয়মে পরীক্ষা দেবে এবং তাদের ক্ষেত্রে আগের মতোই খাতা ও অতিরিক্ত পাতা দু’টোই দেওয়া হবে।

Advertisement
Live Cricket Score
upskillninja