Explore

Search

June 21, 2026 3:33 pm

IAS Coaching

শহর জুড়ে নোংরা, নিজের উদ্যোগে সাফাইকর্মী লাগালেন বিধায়ক

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রায়গঞ্জ পুরসভা এলাকায় দিন দিন বাড়ছে নোংরা–আবর্জনার স্তূপ। শহরের বহু রাস্তায় পড়ে থাকা ঘরোয়া বর্জ্য যেমন পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে, তেমনি সৃষ্টি হচ্ছে নোংরা পরিবেশ। আবর্জনার স্তূপ থেকে রোগ ছড়ানোর আশঙ্কাও জানাচ্ছেন বহু পুরনাগরিক। অভিযোগ, নিয়মিত সাফাই না হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, অথচ পুরসভার তরফে সুচিন্তিত উদ্যোগ চোখে পড়ছে না।

এই পরিস্থিতিতেই পুরসভার ব্যর্থতার প্রতিবাদে দুর্গাপূজার কার্নিভাল বয়কট করেছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী। সেই ঘটনার পর রাজনৈতিক তরজা চরমে ওঠে। বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ—পুরসভা ও বিধায়কের মধ্যে দ্বন্দ্ব এখন প্রকাশ্যে।

এমন চাপানউতোরের মধ্যেই এবার নিজেই রাস্তায় নেমে সাফাইয়ের কাজ শুরু করলেন কৃষ্ণ কল্যানী। রবিবার রাতে পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের রায়গঞ্জ টাউন প্রেসিডেন্ট শিবশংকর রায়চৌধুরীসহ দলের কর্মীদের নিয়ে এলাকায় ঘুরে দেখেন তিনি। শিবশংকরবাবু বলেন, “শহরের বহু রাস্তা দখল করে রেখেছে নোংরা আবর্জনা। আমরা বিধায়ককে নিয়ে এলাকায় গেলে বাসিন্দারা নানা অভিযোগ তুলে ধরেন। তখনই তিনি নিজের উদ্যোগে লেবার ও ট্র্যাক্টর এনে সাফাইয়ের নির্দেশ দেন। আমরাও হাতে-হাতে সাফাই কাজে নেমে পড়ি।” বিধায়ক কৃষ্ণকে বলতে শোনা যায়, Everything is possible, nothing is impossible.

বিধায়কের এই উদ্যোগে একাংশের বাসিন্দা স্বস্তি পেলেও, পুরসভা–বিধায়ক দ্বন্দ্বে শহরের সাফাই ব্যবস্থা যে মারাত্মকভাবে বিপর্যস্ত, তা ফের স্পষ্ট হয়ে গেল বলেই মত রাজনৈতিক মহলের।

Advertisement
Live Cricket Score
upskillninja