
#মালবাজার: সরকারি নির্দেশিত ঘোষণা মানতে চাইছে না মাল এলাকার টোটো চালকরা। সরকারি নির্দেশিকা সম্পর্কে আলোচনার জন্য শনিবার সকালে মালবাজার শহর, তেসিমলা গ্রাম পঞ্চায়েত ও রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েত এলাকার টোটো চালকরা মালবাজার শহরের কেন্দ্রবিন্দু কলোনির মাঠে সমবেত হন। সেখানে সরকারি নির্দেশিকা না মানার স্লোগান দেওয়া হয়। উল্লেখ্য, রাজ্য সরকার টোটোর উপরে নিয়ন্ত্রণ আনতে নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকা অনুযায়ী প্রতিটি টোটোকে সরকারি রেজিস্ট্রেশন করতে হবে এবং মোটর ভেহিকেলসের নিয়ম মেনে চলতে হবে। কোন পুরানো টোটোর রেজিষ্ট্রেশন হবেনা।

এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া ৩০ নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে। সরকার ঘোষিত এই নির্দেশিকা জারি হতে টোটো চালকদের মধ্যে সমস্যা দেখা দিয়েছে। টোটো চালকদের বক্তব্য, সরকার যে রেজিস্ট্রেশন ফি ধার্য করেছে তা বহন করা বহু টোটো চালকের পক্ষে সম্ভব নয়। পুরানো টোটো বাতিল হলে বহু টোটো চালক কর্মহীন হয়ে পড়বে। সব বিষয় নিয়ে আলোচনার জন্য শনিবার সমবেত টোটো চালকরা নির্দেশিকার বিরুদ্ধে সোচ্চার হোন।

টোটো ইউনিয়নের কমেটি মেম্বার চন্দন রাউত বলেন, মালবাজার ছোট জায়গা এখানে ক্ষেত্রবিশেষে অনেক সময় পাঁচজন যাত্রী তুলতে হয়। অথচ সরকারি নির্দেশ মতো চারজনের বেশি যাত্রী পরিবহন করা যাবে না। দ্বিতীয়ত, সরকার যে রেজিস্ট্রেশন ফি ধার্য করেছে তা বাতিল করতে হবে। আমরা ডাবলু বি নাম্বার ব্যবহার করব না পৌরসভায় যেভাবে টোটো চালাচ্ছিলাম সেই ভাবেই চালাবো। আর এক টোটো চালক বলেন, পুরানো টোটো বাতিল হলে চালকদের কি হবে?

পরে মাল একতা টোটো ইউনিয়নের সম্পাদক পার্থ মিত্র বলেন, আমাদের মধ্যে পরস্পর আলোচনা হয়েছে। এই আলোচনা অনুযায়ী আমরা মহকুমা শাসকের মাধ্যমে সরকারের কাছে আবেদন রাখব যে রেজিস্ট্রেশনের দিন বর্ধিত করতে হবে। অর্থাৎ আরো কয়েক মাস সময় দিতে হবে। রেজিস্ট্রেশন ফি কমাতে হবে।
পুরানো যেসব টোট রয়েছে তাদেরও ব্যবস্থা করতে হবে। সভার শেষে টোটো চালকরা জানান, আমাদের দাবি পূরণ না হলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো।








