Explore

Search

June 21, 2026 8:58 pm

IAS Coaching

দূরে নয়, রায়গঞ্জের নিহালি বিলেই এখন শীতকালীন লেসার হুইসলিং ডাকের ভিড়

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রায়গঞ্জ শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে নিসর্গময় নিহালি বিল। প্রতি বছর শীত নামলেই এই বিল পরিণত হয় পরিযায়ী পাখিদের নিরাপদ ঠিকানায়। ইতিমধ্যেই সেখানে দেখা মিলছে প্রচুর লেসার হুইসলিং ডাক—যাকে স্থানীয়ভাবে অনেকে বাদাইশি হাঁস নামে চেনেন। জলাশয়ের ধারে দাঁড়ালেই দূর থেকে শোনা যাচ্ছে তাদের চিরচেনা সুরেলা ডাক।

 

স্থানীয় বাসিন্দা মাধব দাস জানান, গত কয়েকদিন ধরেই প্রতিদিন ভোর ও সান্ধ্যবেলায় বড় ঝাঁক ধরে এই হাঁসগুলি বিলের উপর চক্কর কাটছে। বিলের জলজ উদ্ভিদ, খাবারের প্রাচুর্য এবং মানুষের কম যাতায়াত—সব মিলিয়ে নিহালি বিল পাখিদের জন্য আদর্শ আবাসস্থল হয়ে উঠেছে।

পাখিপ্রেমী ও ফটোগ্রাফারদের অনেকেই ইতিমধ্যেই ক্যামেরা হাতে ছুটে যাচ্ছেন সেখানে। রায়গঞ্জের বন্যপ্রাণীপ্রেমী দেবাশীষ দে বলেন, “এ বছর লেসার হুইসলিং ডকের সংখ্যা নজরকাড়া। যারা পাখি ভালোবাসেন তারা সহজেই এদের আচরণ, দলবদ্ধ উড়ে বেড়ানো আর খাবার সংগ্রহ করার দৃশ্য কাছ থেকে উপভোগ করতে পারবেন।”

স্থানীয় পরিবেশপ্রেমী শঙ্কর ধর বলেন, নিহালি বিলে যথাযথ সংরক্ষণ উদ্যোগ নিলে ভবিষ্যতে আরও বৈচিত্র্যময় প্রজাতির আগমন বাড়বে। তবে আশঙ্কাও রয়েছে—অতিরিক্ত পর্যটকের ভিড় বা শব্দদূষণ যেন এদের বিরক্ত না করে। শীতের পড়ন্ত বিকেল, চারপাশে সবুজ—আর সামনে অসংখ্য লেসার হুইসলিং ডাক। প্রকৃতি প্রেমীদের কাছে এখন রায়গঞ্জের এই বিলই হয়ে উঠেছে নতুন আকর্ষণের কেন্দ্র।

Advertisement
Live Cricket Score
upskillninja