Explore

Search

June 21, 2026 8:54 pm

IAS Coaching

রায়গঞ্জে অবশেষে পথচলা শুরু নতুন বাস টার্মিনাসের নির্মাণকাজ

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ প্রায় চার মাসের অপেক্ষার পর অবশেষে শুরু হল রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকায় নতুন বাস টার্মিনাস নির্মাণের কাজ। ৩ জুলাই উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ শিলান্যাস করেছিলেন এই প্রকল্পের। কিন্তু দীর্ঘদিন ধরে কাজ না শুরু হওয়ায় শহরবাসীর মধ্যে ক্ষোভ ও ধোঁয়াশা তৈরি হয়েছিল।

শুক্রবার সকাল থেকে জমিতে মাটি ফেলে জলাশয় ভরাটের কাজ শুরু হতে দেখা যায়। পূর্ত দপ্তর থেকে রায়গঞ্জ পুরসভার হাতে হস্তান্তরিত ওই জমিতে সন্ধ্যা পর্যন্ত কাজ চালিয়ে যেতে দেখা যায় একটি আর্থ রিমুভারকে।

রিমুভার চালক নীলেশ মাহাতো জানান, “মাটির অভাব আর কিছু প্রযুক্তিগত কারণে এতদিন কাজ শুরু করা যায়নি। আজ সকাল থেকে ছাইসহ মাটির বেশ কিছু ট্রলি এসেছে। সুভাষগঞ্জ দিক থেকেও মাটি আনা হচ্ছে। এখন নিয়মিত কাজ চলবে।”

নির্মাণের প্রথম ধাপে পুরো জলাশয় ভরাট করা হবে। এরপর তৈরি হবে সীমানা প্রাচীর। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী ইতিমধ্যেই সীমানা প্রাচীর নির্মাণের জন্য ২ কোটি ৯০ লক্ষ টাকার বরাদ্দ দিয়েছেন। জমিটির মালিকানা এখন রায়গঞ্জ পুরসভার হাতে এসে পৌঁছেছে।

গত ৩১ মে বাসস্ট্যান্ড স্থানান্তর নিয়ে পুরসভায় সাংবাদিক বৈঠক ডেকে পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন পুর প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন সন্দীপ বিশ্বাস, তৎকালীন ভাইস চেয়ারপার্সন অরিন্দম সরকার এবং বিধায়ক কৃষ্ণ কল্যাণী। কিন্তু এরপর বহুদিন কাজের অগ্রগতি চোখে পড়েনি।

তবে শুক্রবারের কাজ শুরু হওয়ায় আশার সঞ্চার হয়েছে রায়গঞ্জবাসীর মধ্যে। নতুন বাস টার্মিনাস গড়ে উঠলে যানজট কমার পাশাপাশি শহরের পরিবহণ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে বলেই মনে করছেন স্থানীয়রা।

Advertisement
Live Cricket Score
upskillninja