
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ বৃহস্পতিবার দুপুরে ডালখোলা কলেজে অনুষ্ঠিত হলো একদিনের সেমিনার। বিষয় ছিল “A Just Transition to Sustainable Lifestyles”। টেকসই জীবনযাপনের পথে ন্যায্য রূপান্তর নিয়ে এই আলোচনাচক্রে উপস্থিত ছিলেন অধ্যাপক, ছাত্রছাত্রী ও বিশিষ্ট অতিথিরা।

অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রী অগ্রসেন মহাবিদ্যালয়ের মাননীয়া অধ্যক্ষা ডঃ জয়িতা বসু। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “পরিবেশ সংরক্ষণ ও সচেতন জীবনযাপন আজকের প্রজন্মের অন্যতম দায়িত্ব। শিক্ষা প্রতিষ্ঠানগুলির মাধ্যমে এই বার্তা আরও গভীরভাবে ছড়িয়ে দিতে হবে।”

মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বানিজ্য অনুশীলন অধিকার দফতরের উত্তর দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের উপভোক্তা কল্যাণ আধিকারিক সুপ্রতীক সোম। তিনি বিস্তারিতভাবে তুলে ধরেন, কীভাবে দৈনন্দিন জীবনে টেকসই উপায়ে ভোগ ও উৎপাদন প্রক্রিয়ার পরিবর্তন ঘটিয়ে সমাজকে পরিবেশবান্ধব করা সম্ভব।

সেমিনারে কলেজের অধ্যাপকবৃন্দ, ছাত্রছাত্রী ও স্থানীয় বিশিষ্টজনেরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আলোচনার শেষে পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলার অঙ্গীকারে সবাই ঐক্যবদ্ধ হন। কনজিউমার ক্লাবের কনভেনর ডঃ বিভাষ দর্জি অনুষ্ঠান সঞ্চালনা করেন।








