
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রায়গঞ্জ পুরসভার উপ প্রশাসক পদে এবার কে আসছেন, তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে, শহর জুড়ে। প্রশাসক পদে সন্দীপ বিশ্বাসের দায়িত্ব বহাল থাকলেও, উপ পুর প্রশাসক পদ থেকে সরেছেন অরিন্দম সরকার। একইভাবে সরেছেন সাধন বর্মন এবং প্রদীপ কল্যানীও। এরকম পরিস্থিতিতে, উপ পৌর প্রশাসক হিসেবে নতুন মুখ নিয়েই আলোচনা শুরু হয়েছে পুরসভা ও রাজনৈতিক মহলে।

সূত্রের খবর, এবার এই পদে উঠে আসছে একাধিক নাম। পুরসভার বর্তমান কোঅরডিনেটর থেকে শুরু করে শিক্ষাবিদ, এমনকি নিরপেক্ষ ভাবমূর্তির কিছু সমাজকর্মীর নামও ঘুরছে জল্পনায়। তবে রাজ্য নেতৃত্বের নির্দেশেই এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে জানা গেছে।
শহরের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পুরসভার কাজকর্ম নির্বিঘ্ন রাখতে একজন অভিজ্ঞ প্রশাসনিক ভাবনার মানুষকে উপ প্রশাসক করা হতে পারে। তবে দলের মধ্যেও কেউ কেউ চান, স্থানীয় একজন সক্রিয় রাজনৈতিক কর্মী এই পদে আসুন। এক্ষেত্রে, নতুন প্রজন্মের এক মহিলা রাজনৈতিক এবং বিধায়ক ঘনিষ্ঠ এক প্রবীন রাজনৈতিক ব্যক্তির নাম নিয়ে চলছে জোর তরজা।

ফলে এখন প্রশ্ন একটাই—কে হচ্ছেন রায়গঞ্জ পুরসভার নতুন উপ প্রশাসক? এই নিয়োগ নিয়ে শহরজুড়ে কৌতূহল ও জল্পনা আরও বেড়েছে। নিরপেক্ষ রাজনৈতিক মহলও এখন তাকিয়ে রাজ্য নেতৃত্বের পরবর্তী সিদ্ধান্তের দিকে।









