Explore

Search

June 25, 2026 8:49 am

IAS Coaching

সুপ্রিম কোর্টের রায় ঘিরে টেট ও সেকশন সমস্যা নিয়ে রাজ্যব্যাপী ডেপুটেশন কর্মসূচি


#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ সুপ্রিম কোর্টের টেট পরীক্ষা সংক্রান্ত রায় নিয়ে গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের কয়েক লক্ষ শিক্ষক-শিক্ষিকা বর্তমানে গভীর উদ্বেগ ও অনিশ্চয়তায় রয়েছেন। দীর্ঘ ১০ থেকে ১৫ বছর কিংবা তারও বেশি সময় ধরে শিক্ষকতা করছেন এমন শিক্ষকরাও এই রায়ের প্রভাবে নিজেদের পেশাগত ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আদালতের নির্দেশ অনুযায়ী, চাকরিতে বহাল থাকতে হলে সকলকেই টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে—এই নির্দেশের পর একমাস পার হলেও রাজ্য সরকার বা স্কুল শিক্ষা দপ্তরের তরফে এখনো পর্যন্ত কোনো পরিষ্কার পদক্ষেপ নেওয়া হয়নি।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর পক্ষ থেকে রাজ্যের প্রতিটি জেলা পরিদর্শক (মাধ্যমিক) দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়—যাতে সুপ্রিম কোর্টের এই রায় কোনোভাবেই দীর্ঘদিন ধরে কর্মরত ও যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের চাকরির নিরাপত্তায় প্রভাব না ফেলে।

সংগঠনের রাজ্য সম্পাদক চন্দন ঘরাই বলেন, “২০১৬ সালের পূর্ববর্তী নিয়োগ প্রক্রিয়ায় নর্মাল সেকশনে নিযুক্ত শিক্ষকরা iOSMS, Utshasree ও UDISE পোর্টালে ‘Normal / Upper Primary / Secondary’ হিসেবে উল্লেখ থাকলেও, বাস্তবে তাদের সেকশনটি ‘Normal Section’ হিসেবেই স্বীকৃত হওয়া উচিত। আদালতের নির্দেশ ও শিক্ষা দপ্তরের নোটিফিকেশন অনুযায়ী এই সংশোধন জরুরি।”

উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তরের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে জেলা সম্পাদক ভবতোষ সরকার বলেন, “ROA মামলার রায় পরেও অনেক নর্মাল সেকশন শিক্ষকের অ্যাপ্রুভাল কপিতে এখনও ভুলভাবে উল্লেখ রয়েছে। এই ভুলগুলো দ্রুত সংশোধনের জন্য আমরা দাবি জানিয়েছি।”

তিনি আরও জানান, স্কুল শিক্ষা দপ্তরের নোটিফিকেশন মেমো নং-1197-SE/S/10M-45/2022, তারিখ 13.09.2022 অনুযায়ী, নর্মাল সেকশনের শিক্ষক-শিক্ষিকাদের নর্মাল সেকশন হিসেবেই দেখাতে হবে। পাশাপাশি, জুনিয়র হাইস্কুলের নর্মাল সেকশনের শিক্ষক-শিক্ষিকাদের মেধা ও যোগ্যতার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে বাড়ির কাছাকাছি হাইস্কুলে স্থানান্তরের উদ্যোগ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে। জেলা সভাপতি খেলারাম সরকার বলেন, “জুনিয়র হাইস্কুলের UDISE পোর্টালে নর্মাল সেকশন নেই। এই বিষয়টি অবিলম্বে সংশোধন করে বিকল্প হিসেবে Upper Primary নির্বাচন বাধ্যতামূলক করা যাবে না।”

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য ড. বিশ্বজিৎ দাস, রাজ্য কোষাধ্যক্ষ জয়প্রকাশ দাস, জেলা সম্পাদক ভবতোষ সরকার, জেলা সভাপতি খেলারাম সরকার, জয়দীপ ঘোষ এবং শিক্ষক-শিক্ষিকাদের এক বৃহৎ প্রতিনিধি দল। রাজ্যজুড়ে এদিনের ডেপুটেশন কর্মসূচি শিক্ষক সমাজে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষা ও শিক্ষকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথেও নামবে তারা।

Advertisement
Live Cricket Score
upskillninja