Explore

Search

August 10, 2026 10:05 am

IAS Coaching

ইটাহার কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে আসছেন ড. অমিত ভৌমিক

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ ইটাহারের ড. মেঘনাদ সাহা কলেজের নতুন অধ্যক্ষ হতে চলেছেন নূর মহম্মদ স্মৃতি মহাবিদ্যালয়ের সমাজবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. অমিত ভৌমিক। সম্প্রতি কলেজ সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে অধ্যক্ষ পদের কাউন্সেলিংয়ের ফলাফল প্রকাশ করেছে, তাতেই ড. ভৌমিকের নাম উজ্জ্বল হয়ে উঠেছে নির্বাচিত প্রার্থীদের তালিকায়। এখন শুধু কমিশনের আনুষ্ঠানিক সুপারিশ (রেকোমেন্ডেশন) এলেই তিনি নতুন দায়িত্বে যোগ দেবেন বলে জানিয়েছেন।

মালদা থেকে ফোনে তিনি বলেন, “নতুন কলেজটি এখনও সরাসরি দেখা হয়নি। তবে শিক্ষা ও প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে সর্বতোভাবে কাজ করব। প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের কাছে নিজের সর্বোচ্চ দক্ষতা দিয়ে পৌঁছনোই হবে আমার লক্ষ্য।”

ড. অমিত ভৌমিকের শিক্ষা ও গবেষণার যাত্রা যথেষ্ট সমৃদ্ধ। তাঁর বাবা বিষ্ণু পদ ভৌমিক সেন্ট্রাল স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং মা কণা ভৌমিকও একজন সরকারি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং পরবর্তীতে গবেষণা সম্পন্ন করার পর রাঁচি বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডি.লিট ডিগ্রি অর্জন করেন।

দেশ-বিদেশের বহু নামী বিশ্ববিদ্যালয়ে নিজের গবেষণাপত্র উপস্থাপন করেছেন তিনি। একাডেমিক ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ এই অধ্যাপকের আগমনকে ঘিরে ইতিমধ্যেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে ইটাহার কলেজের ছাত্রছাত্রী ও অধ্যাপকমহলে। নতুন অধ্যক্ষের নেতৃত্বে কলেজের সামগ্রিক মানোন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে, এমনটাই আশা করছেন সকলে।

Advertisement
Live Cricket Score
upskillninja