
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ দুর্গাপুজো প্রাঙ্গণেই এবার অন্য রকম এক উদ্যোগ। বুধবার মোহনবাটি মহিলাদের পরিচালিত দুর্গাপুজো মণ্ডপেই অনুষ্ঠিত হলো এক সচেতনতা সেমিনার। এলাকার বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতিতে সন্ধ্যার এই অনুষ্ঠানটি পরিণত হয় এক সামাজিক মিলনমেলায়।

এই সেমিনারে উপস্থিত ছিলেন সমাজসেবী ও রায়গঞ্জ পুরসভার কোঅরডিনেটর কেয়া চৌধুরী। বক্তব্য রাখেন জেলা উপভোক্তা কল্যাণ আধিকারিক সম্বিত চৌধুরী ও সুপ্রতীক সোম। সেমিনারে সোনার গহনা ও LPG গ্যাস সংক্রান্ত নিরাপত্তা ও ভোক্তা সচেতনতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে এলাকার মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুজো প্রাঙ্গণে বসে এমন উদ্যোগে অংশ নিতে পেরে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। স্থানীয় ক্লাবের সহযোগিতায় এই সচেতনতা সেমিনারটি আয়োজিত হয়, যার মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে ক্রয় বিক্রয় বিষয়ে আরও সচেতন করা ও প্রতারণা থেকে রক্ষা পাওয়ার পথ দেখানো।

অফিস শেষে সন্ধ্যায় এই অনুষ্ঠানে যোগ দিতে ভিড় জমে এলাকাবাসীর। এমন সামাজিক উদ্যোগে সাধারণ মানুষের ইতিবাচক সাড়া পেয়ে আয়োজক মহিলারা ভবিষ্যতেও এমন কর্মসূচি চালিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেছেন।









