Explore

Search

August 10, 2026 12:06 pm

IAS Coaching

২.৮৮ সেকেন্ডে টাইপ, রেকর্ড গড়ে সংবর্ধিত দৃষ্টিহীন ঋষি ঘোষ


#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ অদম্য ইচ্ছাশক্তি ও জেদের কাছে হার মানল অন্ধকার। কালিয়াগঞ্জের নিবেদিতা একাডেমির অষ্টম শ্রেণির ছাত্র ঋষি ঘোষ মাত্র ২.৮৮ সেকেন্ডে A থেকে Z পর্যন্ত টাইপ করে নাম তুলেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। দেড় বছর বয়সে এক জটিল রোগে দৃষ্টি হারিয়েছিল সে। কিন্তু চোখের আলো নিভে গেলেও মননের আলোয় আলোকিত করেছে নিজের জীবন।

বাবা রানা প্রতাপ ঘোষ ও মা সোমা ঘোষ—দু’জনেই ছেলের এই সাফল্যে গর্বিত ও আবেগাপ্লুত। তারা জানান, “ঋষি সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করে। দৃষ্টিহীন হয়েও ওর মনোবল আমাদের অনুপ্রেরণা।”

নিজের অর্জন সম্পর্কে ঋষি বলে, “এটা একটা প্রচেষ্টা ছিল মাত্র। বিচারকেরা ভিডিও কলে পুরো প্রক্রিয়া দেখেছেন। আমার সময় লেগেছে ২.৮৮ সেকেন্ড। এটা শুধু আমার নয়, দৃষ্টিহীন প্রতিটি মানুষের জয়ের প্রতীক।” ভবিষ্যৎ স্বপ্নের কথা জানিয়ে ঋষি আরও বলে, “আমার ভীষণ ভালো লাগে মিউজিক। সিন্থেসাইজার আর গিটার নিয়ে জীবনে ছন্দ আনতে চাই। সুরই আমার পথ দেখাক—এই চাই।”

এদিন বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতির পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয় ঋষিকে। সমিতির সম্পাদক গৌর সরকার বলেন, “ঋষির মতো প্রতিটি বিশেষ সক্ষম শিশু আমাদের শেখায়—ইচ্ছাশক্তিই মানুষের সবচেয়ে বড় শক্তি। এই অর্জন শুধু উত্তর দিনাজপুর নয়, সমগ্র বাংলার গর্ব।”

Advertisement
Live Cricket Score
upskillninja