
#করনদিঘিঃ করনদিঘি বিধানসভার দোমহানাতে অনুষ্ঠিত হল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর এক সাংগঠনিক সভা। আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য নাসিরউদ্দিন মির, গাজি শাহাবুদ্দিন সিরাজি এবং উত্তর দিনাজপুর জেলার আহ্বায়ক অধ্যাপক বাপি সরেন। প্রায় ৭০ জন কর্মীর উপস্থিতিতে সভায় সংগঠনের পুনর্গঠন ও আগামী রাজনৈতিক রণনীতি নিয়ে আলোচনা হয়।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, সাম্প্রদায়িক বিজেপি এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই জোরদার করে আইএসএফ-কে রাজ্যে বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করা হবে। করনদিঘির কনভেনার আবু বক্কর সিদ্দিকসহ জেলার বিভিন্ন বিধানসভার পর্যবেক্ষকরাও সভায় যোগ দেন।

নাসিরউদ্দিন মির বলেন, “গ্রাম থেকে অঞ্চল পর্যায় পর্যন্ত সংগঠনকে আরও মজবুত করে জনগণের আস্থা অর্জন করাই এখন মূল লক্ষ্য।”
গাজি শাহাবুদ্দিন সিরাজি বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি ও তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। অধ্যাপক বাপি সরেন যুব ও মহিলা কর্মীদের সক্রিয় সম্পৃক্ততার ওপর গুরুত্ব দিয়ে বলেন, “তরুণ প্রজন্মের অংশগ্রহণ ছাড়া সংগঠন শক্তিশালী হতে পারে না।”

সভায় কর্মী প্রশিক্ষণ শিবির আয়োজন, জনসংযোগ ও সচেতনতা কর্মসূচি চালু করা এবং প্রার্থী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত হয়। স্থানীয়দের একাংশের মতে, আইএসএফ-এর এই সক্রিয় প্রস্তুতি আগামী ২০২৬ সালের নির্বাচনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে।









