#মালবাজার: সদ্য প্রয়াত নেতার বাড়িতে এসে পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার তিনি মালবাজার শহরে দুর্ঘটনায় প্রয়াত বিজেপির প্রাক্তন টাউন মন্ডল সভাপতি দেবাশীষ (বাপি) পালের বাড়িতে আসেন।সঙ্গে ছিলেন বিজেপির প্রাক্তন এবং বর্তমান জেলা সভাপতি বাপী গোশ্বামী, শ্যামল রায়, নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরা প্রমুখ।

তিনি দেবাশীষ পালের পরিবার ও মেয়ের সঙ্গে বিশেষভাবে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন। উল্লেখ্য, বিশ্বকর্মা পূজার দিন সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম হন বিজেপি নেতা দেবাশীষ পাল সহ আরো দুইজন। একজন ঘটনাস্থলে মারা গেল দেবাশীষ বাবুর আঘাত গুরুতর ছিল। শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা শুরু হয়েছিল। গত ২২ সেপ্টেম্বর তিনি মারা যান। এই ঘটনায় মালবাজার শহর জুড়ে শোকের ছায়া নেমে আসে।

মন্ত্রী সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দেবাশীষ পাল আমাদের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। তার মৃত্যুতে দলের ক্ষতি হয়েছে। আমরা উনার পরিবারের পাশে রয়েছি। উনার মেয়ের সঙ্গে কথা হয়েছে তার পড়াশোনার জন্য প্রাথমিকভাবে আমি কিছু সহযোগিতা করেছি। ভবিষ্যতে পরিবারের পাশে আমরা সব সময় থাকবো।

এরপর উনি দলীয় কার্যালয়ে যান, সেখানে নাগেশ্বরী চা বাগানের শ্রমিকরা তার সঙ্গে দেখা করেন এবং বোনাস নিয়ে অভিযোগ জানান।
এ প্রসঙ্গে মন্ত্রী শ্রী মজুমদার বলেন, শ্রমিকদের কাছ থেকে জানতে পারলাম। গতকাল চা বাগান কর্তৃপক্ষ ১২ শতাংশ হারে বোনাস দেবে বলে জানিয়েছেন। নাগেশ্বরী চা বাগানের মালিক মুখ্যমন্ত্রীর খুব কাছের লোক। এজন্যে রাজ্য সরকার ঘোষণার পরেও তিনি বোনাস নিয়ে তালবাহানা করছেন।

শুধু তাই নয় এই চা বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের ৫ কোটি টাকা প্রভিডেন্ট ফান্ডে বকেয়া রেখেছেন। মুখ্যমন্ত্রীর কাছের লোক বলেই তার এই আবদার। তবে আমরা শ্রমিকদের সঙ্গে আছি প্রয়োজনে রেলের ভাড়া দিয়ে শ্রমিকদের কলকাতায় নিয়ে মালিকের বাড়ির সামনে এবং মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধরনায় বসবো।








