
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ লাদাখের ৬ হাজারের বেশি উচ্চতার অনামী শৃঙ্গ ছুঁলেন
হিমালয় মাউন্টেনিয়ার্স এন্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশন (HMTA)-এর চার সদস্যের একটি অভিযাত্রী দল। রায়গঞ্জ থেকে দলটি গত ৩রা সেপ্টেম্বর রওনা দেয় লাদাখের কিছু অনামী শৃঙ্গ অভিযানের উদ্দেশ্যে। গত ১১ই সেপ্টেম্বর দুপুর ১২টা ৩৭মিনিটে তারা ছুঁয়ে নেন ৬০৯০ মিটার অনামী শৃঙ্গ। এমন খবরে খুশীর উচ্ছ্বাস ছড়িয়েছে রায়গঞ্জের পর্বতপ্রেমীদের মধ্যে।

এদিন লেহ থেকে ফোনে দলটির দলনেতা মনোতোষ বিশ্বাস বলেন, ১০ই সেপ্টেম্বর প্রথমে তারা লেহ শহরে পৌঁছে উচ্চতার সঙ্গে খাপ খাইয়ে নেন এবং ৯ই সেপ্টেম্বর বেস ক্যাম্পের উদ্দেশ্যে যাত্রা করেন।

১০ই সেপ্টেম্বর প্রায় ১৬,০০০ ফুট উচ্চতায় বেস ক্যাম্প স্থাপন করা হয়। ১১ই সেপ্টেম্বর ভোররাত ৪টা ৩০ মিনিটে চারজন সদস্য ও দুইজন হাই অল্টিটিউড পোর্টার মিলে ৬০৯০ মিটার উঁচু শৃঙ্গের দিকে অগ্রসর হন। দুপুর ১২টা ৩৭ মিনিটে অভিযাত্রী শংকর ধর, অপর্ণা চক্রবর্তী ও অভিযান দলনেতা মনোতোষ বিশ্বাস শৃঙ্গ ছুঁয়ে জাতীয় পতাকা ও HMTA-র পতাকা উত্তোলন করেন।

জানা গেছে, অভিযান শেষে দুপুর ১টা নাগাদ তাঁরা নেমে আসা শুরু করেন। বিকেল ৪টা ৩৫ মিনিটে শেষ সদস্য হিসেবে মনোতোষ বিশ্বাস ও শংকর ধর নিরাপদে বেস ক্যাম্পে ফিরে আসেন। দলটি আগামী ১৮ই সেপ্টেম্বর রায়গঞ্জ ফেরার কথা। অভিযান দলনেতা মনোতোষ বিশ্বাস এই সাফল্যকে “অদম্য সাহস, দলগত ঐক্য ও দেশের প্রতি শ্রদ্ধার প্রতীক” বলে উল্লেখ করেছেন।









