
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তরুণ অধ্যাপক রিপন সাহা আবারও আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠানের গৌরব বাড়ালেন। তিনি অংশ নিয়েছেন চিনের হেফেই শহরে অবস্থিত Anhui University-তে আয়োজিত আন্তর্জাতিক গণিত কর্মশালায়। এই কর্মশালা শুরু হয়েছে গত ৮ই সেপ্টেম্বর। শেষ হবে আগামী ২০শে সেপ্টেম্বর।

এই কর্মশালায় অংশগ্রহণের জন্য অধ্যাপক সাহা পেয়েছেন সম্পূর্ণ আর্থিক সহয়তা। আর্থিক সহায়তা করছে International Center of Pure and Applied Mathematics (CIMPA)। যদিও এবারের কর্মশালায় তিনি বক্তৃতা দিচ্ছেন না, তবে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১৫ জন অংশগ্রহণকারীর সঙ্গে মিলে অ্যালজেব্রা গবেষণার নতুন দিগন্ত উন্মোচনের পাঠ নিচ্ছেন। বিশ্বের স্বনামধন্য জ্যেষ্ঠ গণিতবিদরা এই কর্মশালায় বক্তৃতা দিচ্ছেন। তরুণ গবেষক হিসেবে রিপন সাহা জানিয়েছেন, এই অভিজ্ঞতা ভবিষ্যতের গবেষণায় তাকে আরও সমৃদ্ধ করবে।

এর আগে তিনি একাধিক আন্তর্জাতিক কর্মশালায় অংশগ্রহণ করে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়কে গর্বিত করেছেন। সুইডেন, ইটালি, স্পেন, ফিলিপিন্স, উজবেকিস্তানসহ বহু দেশে ইতিমধ্যেই তিনি গণিত গবেষণার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করেছেন। অধ্যাপক রিপন সাহার এই সফর নিঃসন্দেহে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ও উত্তরবঙ্গের একাডেমিক মহলের জন্য এক বড় প্রাপ্তি।










