
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ অবশেষে মেরামত হল রায়গঞ্জ শহরের ঐতিহ্যবাহী ঘড়ি মোড়ের ঘড়ি। কয়েকদিন ধরে অকেজো অবস্থায় দাঁড়িয়ে থাকা এই ঘড়ি নিয়ে শহরবাসীর ক্ষোভ চরমে উঠেছিল। রবিবার দুপুরে নিউজ বৃত্তান্তে সেই খবর প্রকাশের পর পুর প্রশাসনের তরফে উদ্যোগ নেওয়া হয় ঘড়িটি নতুন করে সচল করার।

শহরের অন্যতম পরিচিত এই স্থাপত্য শুধু সময় জানানোর যন্ত্র নয়, বরং রায়গঞ্জের পরিচিতি বহনকারী একটি প্রতীকও বটে। ঘড়ি মোড়ে আসা-যাওয়া করা হাজারো মানুষের দৃষ্টি প্রতিদিন আটকে যায় এর দিকে। দীর্ঘদিন ধরে নিস্তেজ হয়ে পড়ায় একদিকে শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছিল, অন্যদিকে মানুষের মনে ক্ষোভও জমছিল।

সংবাদ প্রকাশের জেরে নড়েচড়ে বসে রায়গঞ্জ পুরসভা। বিশেষজ্ঞ টেকনিশিয়ান ডেকে এনে ঘড়িটি মেরামত করা হয়। পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন সন্দীপ বিশ্বাসের দাবি, এবার থেকে নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে ঘড়ি সচল রাখার ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা রঘু দত্ত বলেন, “এটা আমাদের শহরের গর্ব। এতদিন বন্ধ থাকায় খারাপ লাগছিল। এখন আবার সময় মিলিয়ে টিকটিক করছে দেখে ভালো লাগছে।” শহরবাসীর আশা, প্রশাসনের এই উদ্যোগ যেন নিয়মিত থাকে এবং ভবিষ্যতে আর কখনো অকেজো হয়ে না পড়ে ঐতিহ্যের সাক্ষী এই ঘড়ি।









