Explore

Search

June 25, 2026 7:07 pm

IAS Coaching

মা আসছেন,অরবিন্দ স্পোর্টিংয়ের ৭০তম বর্ষে এবার ‘ভারসাম্যের’ বার্তা

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ সবুজ পৃথিবীর সতেজতা আজ হারিয়ে যাচ্ছে দূষণ, উষ্ণায়ন আর জলবায়ু পরিবর্তনের ঝড়ে। একদিকে বেঁচে থাকার লড়াই, অন্যদিকে প্রকৃতির ক্রমশ ভেঙে পড়া ভারসাম্য। এরকম পরিস্থিতিতেই এবারের দুর্গাপুজোয় রায়গঞ্জ শহরের কলেজপাড়ার অরবিন্দ স্পোর্টিং ক্লাব বেছে নিয়েছে অন্যরকম এক বার্তা— পরিবেশ রক্ষার ডাক, ‘ভারসাম্য’র প্রতীকী চিত্র।

ক্লাব সম্পাদক সম্রাট বোস বললেন, “মা শুধু শাক্তির প্রতীক নন, তিনি প্রকৃতিরও রক্ষাকর্ত্রী। তাই এবারের মণ্ডপে আমরা দেখাতে চাইছি— মানুষ যদি প্রকৃতির সঙ্গে ভারসাম্য হারায়, তবে বিপদ অনিবার্য।” মণ্ডপসজ্জায় থাকছে ভাস্কর্যে গড়ে ওঠা একদিকে বনভূমি, পাখি, জলাধারের ছবি, অন্যদিকে ধোঁয়ায় ঢেকে যাওয়া নগরজীবন। চোখে পড়বে প্রকৃতির সৌন্দর্য আর মানুষের উদাসীনতার তীব্র বৈপরীত্য। মন্ডপ শিল্পী রঞ্জন দে জানালেন, “আমরা চাই দর্শনার্থীরা মণ্ডপ দেখে ভাবুক— উৎসবের আনন্দ যেমন জরুরি, তেমনি প্রকৃতিকে বাঁচানোর দায়ও আমাদের।”

ক্লাবের পক্ষে ভাস্কর মহালানবিশ জানান, এবারের পুজোর বাজেট প্রায় ২১ লক্ষ টাকা। প্রতিমা তৈরী করছেন শিল্পী বাপি সাহা। মন্ডপ তৈরি করেছে স্থানীয় মহারাজার বাসিন্দা রঞ্জন, আলো হাবু এবং সাউন্ডে থাকবে রফিকুল। এখানে প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তিনি জানান, চতুর্থীর সন্ধ্যায় মন্ডপ উদ্বোধন হবে। ঐদিন থেকেই প্রতিমা দেখতে পারবেন সাধারণ দর্শনার্থীরা।

পাড়ার মানুষজন থেকে সাধারণ পথচারী— সকলে উচ্ছ্বাসে মেতে উঠেছেন এই ভিন্ন ভাবনার পুজো দেখতে। এবারের অরবিন্দ স্পোর্টিং-এর দুর্গোৎসব তাই শুধু আলো আর আনন্দে ভরা নয়, বরং এক শক্তিশালী বার্তা নিয়ে হাজির— “প্রকৃতি বাঁচলে, আমরাও বাঁচব।”

Advertisement
Live Cricket Score
upskillninja