#মালবাজার: চলন্ত ট্রেনে ধাক্কায় গুঁড়িয়ে গেল বাইক। কোনক্রমে লাফিয়ে প্রাণে বাঁচল আরোহী তবে হলেন জখম। ঘটনাটি ঘটেছে বুধবার বিকাল তিনটা নাগাদ মালবাজার শহর সংলগ্ন হাড়িয়া মোড় এলাকায়। জানা গেছে, এদিন বিকেল তিনটে নাগাদ আপ ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন মালবাজার স্টেশন থেকে দোমোহানী অভিমুখে যাচ্ছিল।

সেই সময় সুবোধ পাটোয়ারী নামের এক যুবক তার বাইক নিয়ে হাড়িয়া মোড় সংলগ্ন গ্রামীন রাস্তা দিয়ে রেললাইন পারাপার করছিল। উল্লেখ্য ওই এলাকায় গ্রামীন রাস্তা থাকা সত্ত্বেও রেলের কোন আন্ডারপাস বা লেভেল ক্রসিং নেই। রেল লাইনে ওঠার পর ওই যুবক দেখতে পান ট্রেন আসছে। দ্রুত লাফিয়ে পাশের জঙ্গলে গিয়ে পড়েন। ট্রেনে ধাক্কায় তার বাইকটি গুড়িয়ে যায়।

ওই যুবক লাফিয়ে পড়ে জখম হন বর্তমানে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনস্থলে পৌঁছায় পুলিশ এবং বাইকটিকে উদ্ধার করে। প্রসঙ্গত উল্লেখ্য, ওই এলাকায় আন্ডার পাশের দাবি নিয়ে এর আগে রেল কর্তৃপক্ষের কাছে একাধিকবার জানানো হয়েছিল। এই ঘটনার পর আবারো আন্ডারপাশের দাবি উঠলো।










