Explore

Search

June 25, 2026 8:58 pm

IAS Coaching

পুজোর মুখে দেবীনগর বাজারে মোবাইল চোরের দাপাদাপি, ৩ জন ধৃত, ১ জন পলাতক

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ পুজোর মুখে শহরের বাজারে ভিড় যেমন বাড়ছে, তেমনি তৎপর হয়ে উঠছে চোরের দলও। দেবীনগর বাজারে শুক্রবার সকালে এমনই এক ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ৪ জন মোবাইল ফোন চোর বাজারে সক্রিয় হয়ে ওঠে। তাদের মধ্যে ১ জন ঝাড়খণ্ডের বাসিন্দা, ২ জন আসানসোলের এবং চতুর্থ জন এখনও পলাতক।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন এক স্থানীয় নাগরিক সবজি কিনতে আসেন বাজারে। তাঁকে ঘিরে ধরে চোরের দলও সবজির দোকান থেকে কেনাকাটা শুরু করে। কৌশল অনুযায়ী দামাদামির আড়ালে এক চোর তাঁর মোবাইল ফোনটি হাতিয়ে নেয়। ক্রেতার অগোচরে মোবাইল চুরি হয়ে গেলেও তা চোখ এড়াতে পারেনি উপস্থিত সবজি বিক্রেতার। তিনি চিৎকার করে সতর্ক করতেই আশেপাশের মানুষ ছুটে এসে ৩ জনকে পাকড়াও করে। তবে একজন পালাতে সক্ষম হয়।

বাজার কমিটির সম্পাদক দীপঙ্কর প্রামানিক জানান, “পুজোর আগে বাজারে ভিড়ের সুযোগ নিচ্ছে বাইরে থেকে আসা দুষ্কৃতীরা। এদিন তৎপরতার ফলে তিনজনকে হাতে-নাতে ধরা গেল।”

পরে রায়গঞ্জ থানার পুলিশ এসে ধৃতদের হেফাজতে নেয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাজারে নিয়মিত টহলদারি জোরদার করার আশ্বাস দিয়েছে প্রশাসন। সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন স্থানীয় পুর কোঅরডিনেটর অভিজিৎ সাহাও।

Advertisement
Live Cricket Score
upskillninja