Explore

Search

June 25, 2026 8:57 pm

IAS Coaching

নবনির্মিত মেডিক্যাল কলেজ রোডে অবাঞ্ছিত আবর্জনার স্তূপ, নাজেহাল পথচারীরা

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ কুলিক ব্রিজ থেকে রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রশাসনিক ভবনে যাওয়ার জন্য সম্প্রতি তৈরি হয়েছে নতুন একটি পাকা রাস্তা। কুলিক বাঁধের ওপর দিয়ে যাওয়া এই পিচের রাস্তা একদিকে যেমন বাঁধের রক্ষণাবেক্ষণ সহজ করেছে, তেমনি ভাঙাচোরা বাঁধের দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি দিয়েছে হবু ডাক্তার, আব্দুলঘাটা, শিয়ালমনি ও বনবস্তির বাসিন্দাদের।

কিন্তু এই সুচারু পরিকল্পনার ইতিবাচক দিককে ম্লান করছে অন্য এক সমস্যা। স্থানীয় অভিযোগ, রাতের অন্ধকারে কিছু অসচেতন মানুষ বা ব্যবসায়ী রাস্তার ধারেই ফেলে রেখে যাচ্ছেন আবর্জনা। ধীরে ধীরে সেই আবর্জনা জমে গড়ে উঠেছে স্তুপ। ছড়াচ্ছে অসহনীয় দুর্গন্ধ। ফলে প্রতিদিন যাতায়াতকারী পথচারী ও কলেজগামীদের পক্ষে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে।

আশেপাশের বাসিন্দারা জানাচ্ছেন, দিন যত যাচ্ছে আবর্জনার স্তুপ ততই বড় হচ্ছে। এর ফলে শুধুমাত্র দুর্গন্ধ নয়, মশা-মাছি ও বিভিন্ন রোগজীবাণুরও আশঙ্কা বাড়ছে। এক বাসিন্দা পরিমল দাসের কথায়, “এমন সুন্দর রাস্তা তৈরি হওয়ার পর আনন্দ হয়েছিল। কিন্তু এখন রাস্তা পার হতে গেলেই নাক চেপে ধরতে হচ্ছে।”

স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। তাঁদের বক্তব্য, অবিলম্বে এই রাস্তা থেকে আবর্জনা পরিষ্কার করা হোক এবং এমন অবস্থা যাতে আবার না হয়, তার জন্য নিয়মিত নজরদারির ব্যবস্থা করা প্রয়োজন।

প্রশাসনের তরফে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে রায়গঞ্জবাসীর আশা, দ্রুত পদক্ষেপ নিলে নবনির্মিত মেডিক্যাল কলেজ রোড তার মূল উদ্দেশ্য পূরণ করবে—একটি পরিচ্ছন্ন ও নির্বিঘ্ন যাতায়াতের মাধ্যম হিসেবে।

Advertisement
Live Cricket Score
upskillninja