
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ ভুটানে সাফ অনূর্ধ্ব ১৭ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়েছে ভারতের কিশোরী ফুটবলাররা। সোমবার সকালে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখতেই রাজকীয় অভ্যর্থনা জানাল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)। ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ দলের হাতে ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভিনন্দন জানান। সাফল্যের উচ্ছ্বাসে মুখরিত গোটা ভারতীয় ফুটবল মহল।

টুর্নামেন্টজয়ী ‘ইয়াং টাইগ্রেস’দের এই গৌরবগাঁথায় উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও। দলের অন্যতম তারকা প্রীতিকা বর্মন রায়গঞ্জের হাতিয়া হাই স্কুলের ছাত্রী। সাফ চ্যাম্পিয়ন হয়ে নিজের জেলা এবং বাংলার মুখ উজ্জ্বল করায় প্রীতিকাকে ঘিরে খুশির হাওয়া বইছে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের মধ্যে। স্থানীয় ক্রীড়ামহলেও সাফল্যের এই ধারা নতুন প্রেরণা জুগিয়েছে।

হাতিয়া স্কুলের প্রধান শিক্ষক অনিরূদ্ধ সিনহা বলেন, প্রীতিকা ও তাঁর সতীর্থরা সাফ শিরোপা জয়ের আনন্দ উপভোগ করলেও এখনই বিশ্রামের সুযোগ নেই। আগামী অক্টোবর মাসে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে চলা এএফসি অনূর্ধ্ব ১৭ মহিলা এশিয়ান কাপ কোয়ালিফায়ারের প্রস্তুতিতে নামতে চলেছে দল। ভারতের তরুণী ফুটবলারদের সাফল্যে দেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে বলে মত ক্রীড়া মহলের।

সাফের মঞ্চে ভারতীয় কিশোরীদের এই আধিপত্য প্রমাণ করেছে, ফুটবলের ময়দানে দেশের মেয়েরাও আন্তর্জাতিক মানের প্রতিদ্বন্দ্বিতায় সমানতালে লড়তে প্রস্তুত।









