
#রায়গঞ্জঃ বুধবার দিনভর উত্তর দিনাজপুর জেলা জুড়ে উপভোক্তা বিষয়ক দপ্তরের উদ্যোগে একাধিক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলার সহ-অধিকর্তা প্রবীর অধিকারীর নির্দেশে আয়োজিত এই কর্মসূচিগুলির মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষ এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে ভোক্তা সুরক্ষা ও সুস্থ জীবনযাপনের প্রতি সচেতনতা বৃদ্ধি করা।

প্রথম কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছিল ইটাহারের বানবোল গার্লস হাইস্কুলে। এই সচেতনতামূলক কর্মশালায় উপস্থিত ছিলেন দপ্তরের উপভোক্তা কল্যাণ আধিকারিক অপূর্ব বৈরাগী। ছাত্র-ছাত্রীদের প্রশ্নোত্তর পর্বে সক্রিয় অংশগ্রহণ এবং সচেতনতামূলক বিষয় নিয়ে তাদের আগ্রহ ছিল উল্লেখযোগ্য।

অন্যদিকে, করনদিঘীতে অনুষ্ঠিত কর্মশালার আয়োজন হয়েছিল করনদিঘী গার্লস হাইস্কুলে। নবম ও দশম শ্রেণীর ছাত্রীদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে দপ্তরের উপভোক্তা কল্যাণ আধিকারিক সুপ্রতীক সোম সুস্থায়ী জীবনযাত্রার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এখানেই গঠিত হয়েছে নতুন উপভোক্তা ক্লাব। জেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়ে ছাত্র-ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

এছাড়াও, এদিন ডালখোলা পৌরসভার ১০নং ওয়ার্ডে অনুষ্ঠিত ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ ক্যাম্পে মহিলাদের ব্যাপক অংশগ্রহণ নজর কেড়েছে। ক্যাম্পে বিভিন্ন অভিযোগ, প্রয়োজনীয় তথ্য এবং সচেতনতামূলক বার্তা নিয়ে মহিলারা সরাসরি আলোচনায় অংশ নেন।

উপভোক্তা বিষয়ক দপ্তরের এই ধারাবাহিক সচেতনতামূলক উদ্যোগকে জেলার বাসিন্দারা স্বাগত জানিয়েছেন। দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী দিনেও এ ধরনের আরও কর্মশালা ও সচেতনতা শিবির আয়োজন করা হবে।








