Explore

Search

May 12, 2026 12:26 am

IAS Coaching

আন্তঃ স্কুল ফুটবলের সেমিফাইনালে বরুনা, কুনোর, মালঞ্চা ও বানবোল

নিউজ ডেস্কঃ ইটাহার থানার বানবোল হাই স্কুলের উদ্যোগে বৃহস্পতিবার সকালে শুরু হল আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্ট। স্কুলের নিজস্ব মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় মোট আটটি স্কুল—রায়গঞ্জ করোনেশন হাই স্কুল, ভূপালচন্দ্র বিদ্যাপীঠ, ইটাহার হাই স্কুল, রাজগ্রাম হাই স্কুল, মালঞ্চা হাই স্কুল, কুনোইর কে সি হাই স্কুল, বরুনা প্রানপ্রিয় হাই স্কুল এবং আয়োজক বানবোল হাই স্কুল।

টুর্নামেন্টের উদ্বোধন করেন রায়গঞ্জ টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ। উদ্বোধনী কিক অফের সময় উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অরিজিৎ বাবু বলেন, “হাতিয়া হাই স্কুলের ছাত্রী প্রীতিকা বর্মন আজ ভারতের হয়ে ফুটবল খেলছে, যা আমাদের গর্বের বিষয়। তাই নিশ্চিত ভাবেই বলা যায়, এমন আয়োজনের মধ্য দিয়েই আগামী দিনের নতুন ফুটবলার তৈরি হবে।”

বানবোল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চন্দ্র নারায়ণ সাহা বলেন, “গ্রামের দিকে ধীরে ধীরে পড়ুয়াদের স্কুলমুখী আগ্রহ কমে যাচ্ছে। তাদের আকর্ষণ ধরে রাখতে এবং খেলাধুলার প্রতি উৎসাহিত করতে এ ধরনের আয়োজন করা হয়েছে।”

এদিন মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় কুনোইর কে সি হাই স্কুল ৫-০ গোলে রাজগ্রাম হাই স্কুলকে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে মালঞ্চা হাই স্কুল ২-০ গোলে হারায় ভূপালচন্দ্র বিদ্যাপীঠকে। তৃতীয় খেলায় বরুনা প্রানপ্রিয় হাই স্কুল ২-১ গোলে হারায় ইটাহার হাই স্কুলকে। শেষ ম্যাচে আয়োজক বানবোল হাই স্কুল ৫-০ গোলে হারিয়ে দেয় রায়গঞ্জ করোনেশন হাই স্কুলকে।

ফলে সেমিফাইনালে উঠেছে চারটি দল—বরুনা প্রানপ্রিয় হাই স্কুল, কুনোইর কে সি হাই স্কুল, মালঞ্চা হাই স্কুল এবং বানবোল হাই স্কুল।

খেলা ঘিরে ছাত্রছাত্রী থেকে শুরু করে স্থানীয় গ্রামবাসীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। মাঠে উপস্থিত দর্শকদের করতালি ও উল্লাসে প্রতিটি গোলই উৎসবের রূপ নেয়। শুক্রবার দুপুরে ২টো সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Advertisement
Live Cricket Score
upskillninja