
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ সোমবার জেলার ইতিহাসে ছিল এক বিশেষ দিন। ১৯৪৭ সালের আজকের দিনেই রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুরের বহু অঞ্চল প্রথমবার স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছিল। সেই স্মৃতি জাগ্রত রাখতে ও নব প্রজন্মকে ইতিহাস সম্পর্কে সচেতন করতে Historical Society of Uttar Dinajpur -এর উদ্যোগে কালিয়াগঞ্জ ব্লকের জীনগাঁও টি এন হাইস্কুলে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হল এক আলোচনা সভা।

আলোচনার বিষয় ছিল — “স্বাধীনতা আন্দোলনে জেলার স্বনামধন্য স্বাধীনতা সংগ্রামীদের বৈপ্লবিক কর্মকাণ্ড”। কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে জেলার স্বাধীনতা আন্দোলনের নানা অচর্চিত তথ্য ও ঘটনার বিশদ বিবরণ তুলে ধরেন সংস্থার সম্পাদক ও আঞ্চলিক ইতিহাসবিদ সোমনাথ সিং। পাশাপাশি তিনি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইতিহাস বিষয়ক নিঃশুল্ক পাঠদানও করেন।

আলোচনা চক্রে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে মানের বিচারে সেরা তিনজন— নবম শ্রেণীর ছাত্রী সাবনাম মুসতারিন ও মামুনি খাতুন এবং দশম শ্রেণীর ছাত্র আজহারউদ্দিন হোসেনকে সংস্থার পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিরুদ্দিন আহমেদ, সহকারী প্রধান শিক্ষক ব্যেমকেশ বর্মন এবং সংস্থার কোষাধ্যক্ষ হৃত্বিকা চক্রবর্তী। স্কুলের সহকারী প্রধান শিক্ষক ব্যোমকেশ বর্মন বলেন, এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেমের চেতনা জাগিয়ে তোলা ও জেলার স্বাধীনতা সংগ্রামীদের অবদানকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া।








