
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রায়গঞ্জ শহরের গর্ব আরও একবার উজ্জ্বল হল। সমাজসেবায় দীর্ঘদিনের অবদান এবং রক্তদানের এক অসামান্য নজিরের জন্য এবার ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এ স্থান করে নিলেন রায়গঞ্জের স্বেচ্ছা রক্তদাতা তথা সমাজকর্মী সুব্রত সরকার।

১৯৭৬ সালে বাবা প্রয়াত যামিনী কান্ত সরকারের হাত ধরে সমাজসেবার জগতে তাঁর প্রথম পদার্পণ। এরপর ১৯৭৮ সালে শঙ্কর মিত্রের উদ্যোগে সেন্ট জন এ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনে যোগ দেন এবং আজীবন সদস্য হন। সমাজসেবার পথচলা থেমে থাকেনি। ১৯৯৫ সালে প্রসেনজিৎ দত্তের অনুপ্রেরণায় যুক্ত হন রেডক্রশে আজীবন সদস্য হিসেবে। ১৯৯৮ সালে অপূর্ব ঘোষের উদ্যোগে ব্লাড ডোনার্স ফোরামে যোগদান, যেখানে আজ তিনি সংগঠনের রাজ্য সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

রক্তদানের প্রচার ও সমাজসেবামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকার পাশাপাশি তিনি নেতাজী সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে “রক্তদান ও সমাজসেবা” বিষয়ে একটি বিশেষ কোর্সও সম্পন্ন করেছেন। অভিনব এই সমাজসেবীর কৃতিত্ব এখানেই শেষ নয়। আজ অবধি তিনি ১০৬ বার স্বেচ্ছায় রক্তদান করেছেন, যা তাঁকে সত্যিই বিশেষ মর্যাদা এনে দিয়েছে। মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে তাঁর নাম এবার স্থান করে নিল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে।

রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার বহু তরুণ-তরুণীর কাছে তাঁর এই স্বীকৃতি নিঃসন্দেহে অনুপ্রেরণা হয়ে উঠবে। সমাজসেবী মহল বলছে— “এই স্বীকৃতি শুধু একজন রক্তদাতার নয়, রায়গঞ্জেরও গর্ব।”








