Explore

Search

June 26, 2026 2:43 am

IAS Coaching

কুলিক নদীর জল বইছে বিপদসীমার ওপরে, বন্যার ভ্রুকুটি রায়গঞ্জে

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ টানা বর্ষণে ফুঁসে উঠেছে কুলিক নদী। শনিবার সকাল থেকে কুলিক, নাগর, মহানন্দা নদীর জল বইছে বিপদসীমার ওপর দিয়ে। জলের চাপ ক্রমশ বাড়তে থাকায় ইতিমধ্যেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে রায়গঞ্জ শহরের উপকণ্ঠ এলেঙ্গিয়া সহ নীচু এলাকার গ্রামগুলিতে। অল্প সময়ে এত জলের চাপ বৃদ্ধি পাওয়ায় ইতিমধ্যেই এলেঙ্গিয়ার একাংশে তৈরি হয়েছে বন্যার আতঙ্ক।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কুলিক নদীর উজানে অতিবৃষ্টির ফলে জলস্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে। জলে ভেসে গিয়েছে চাষের জমি। গ্রামীণ সড়কগুলির সঙ্গে রায়গঞ্জ শহরের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অনেকেই গবাদি পশু ও প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিতে শুরু করেছেন।

প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি সামাল দিতে তৎপরতা শুরু হয়েছে। বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা এলেঙ্গিয়া এবং লাগোয়া এলাকা পরিদর্শন করেছেন। নদীর ধারঘেঁষা এলাকায় মাইকিং করে সতর্ক করা হচ্ছে সাধারণ মানুষকে। এলেঙ্গিয়ার বাসিন্দা তথা শিক্ষক সাব্বির আলি বলেন, “প্রতি বছরই বন্যার আশঙ্কা তৈরি হয়। তবে এবারে খুব অল্প সময়ের মধ্যেই নদীর জল এতটা বেড়ে যাওয়ায় আমরা ভয়ে আছি।”

বর্তমানে কুলিকের জলস্তর ক্রমশ বাড়ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টা জেলায় ভারী বৃষ্টি চলতে পারে। ফলে বাঁধ ভেঙে বন্যার ভ্রুকুটি আরও গাঢ় হচ্ছে এলেঙ্গিয়া ও আশেপাশের অঞ্চলে।

Advertisement
Live Cricket Score
upskillninja