
#চন্দ্র নারায়ণ সাহা, কলকাতা: স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশপ্রেমের তেরঙ্গা উড়ল লাদাখের ২ অনামী শৃঙ্গে। কলকাতার ‘স্নাউট অ্যাডভেঞ্চারার্স অ্যাসোসিয়েশন’-এর পাঁচ সদস্যের একদল অভিযাত্রী সদ্য জয় করেছেন সল্ট ভ্যালির দুটি নামহীন, একেবারে অজেয় চূড়া— একটির উচ্চতা ৬১৫০ মিটার, অপরটি ৬০৮৬ মিটার।

দলনেতা উজ্জ্বল রায়ের নেতৃত্বে ১লা আগস্ট, ২০২৫-এ কলকাতা থেকে রওনা দেন তাঁরা। দলে ছিলেন নন্দলাল সরকার, প্রীতম বসু, সৌম্যজিৎ সাহা এবং সায়ক সাউ। দীর্ঘ পথ চলা, হিমবাহ পেরোনো আর কঠিন আবহাওয়ার সঙ্গে লড়াই শেষে ৯ই আগস্ট সকাল ১০টা ২০ মিনিটে প্রথম চূড়ায় এবং ১১টা ৫০ মিনিটে দ্বিতীয় চূড়ায় পৌঁছে যায় দলটি। শিখরে উঠেই উড়িয়ে দেন জাতীয় পতাকা— গর্বে ভরে ওঠে প্রতিটি অভিযাত্রীর মন।

উজ্জ্বল রায় জানান, “এগুলো সম্পূর্ণ অনাবিষ্কৃত শৃঙ্গ ছিল। চূড়ায় পা রাখার সঙ্গে সঙ্গে মনে হয়েছে যেন আমরা শুধু পর্বত নয়, এক টুকরো ইতিহাসও জয় করেছি।” সল্ট ভ্যালির নির্জনতার মাঝে এই দুই অভিযানের ছবি ইতিমধ্যেই দেশজুড়ে অভিযাত্রী মহলে সাড়া ফেলেছে।









