Explore

Search

August 11, 2026 8:42 am

IAS Coaching

শহরে মরনোত্তর দেহ ও অঙ্গদান দিবস পালন

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ সিস্টার নিবেদিতা সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে বুধবার সন্ধ্যায় রায়গঞ্জের বিবেকানন্দ মোড়ে সংগঠনের নিজস্ব ভবনে পালিত হল মরণোত্তর দেহ ও অঙ্গদান দিবস। অনুষ্ঠানে শহরের বিভিন্ন প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর দিনাজপুর জেলার কার্যকরী সভাপতি অনিরূদ্ধ সিনহা বলেন, “মৃত্যুর পর দেহদান ও অঙ্গদান মানবতার সর্বোচ্চ দৃষ্টান্ত। এটি শুধু চিকিৎসা বিজ্ঞানে অগ্রগতির পথ খুলে দেয় না, অসংখ্য মানুষের জীবনও রক্ষা করে।”

কালিয়াগঞ্জ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. পীযুষ কান্তি দাস বলেন, “শরীর দান মানে জ্ঞান দান। চিকিৎসা শিক্ষার্থীরা মৃতদেহের উপর গবেষণা ও প্রশিক্ষণ লাভ করে দক্ষ চিকিৎসক হয়ে ওঠেন, যা সমাজের কল্যাণে অপরিহার্য।” ডাঃ দিশা চক্রবর্তী জানান, “অঙ্গদানের মাধ্যমে হৃদযন্ত্র, কিডনি, কর্নিয়া, লিভারের মতো অঙ্গ অনেক অসুস্থ মানুষের জীবনে নতুন আলো এনে দেয়। এক দাতার দেহ একাধিক প্রাণ বাঁচাতে সক্ষম।”

সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি সুশীল গোস্বামী বলেন, “আমাদের সমাজে অঙ্গদানের প্রচলন বাড়াতে হবে। এজন্য সচেতনতা, আগ্রহ ও পরিবারের সম্মতি সবচেয়ে জরুরি।” এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্ণা মিতা রায়, তাপস জোয়ারদার, ভানু কিশোর সরকার, অভিজিৎ সরকার সহ শহরের বিশিষ্ট ব্যক্তিরা। সঞ্চালনা করেন বিশ্ব দীপ চক্রবর্তী।

Advertisement
Live Cricket Score
upskillninja