Explore

Search

July 9, 2026 12:39 pm

IAS Coaching

থামে দূরপাল্লার ট্রেন, কিন্তু নেই ন্যূনতম সুবিধা! রায়গঞ্জ স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে যাত্রীদের ক্ষোভ ফুঁসে উঠল

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রায়গঞ্জ রেল স্টেশনে থামে দিল্লি ও কলকাতামুখী দুটি দূরপাল্লার ট্রেন। কিন্তু আশ্চর্যের বিষয়, এই ট্রেনগুলোর সবকটিই থামে ২ নম্বর প্ল্যাটফর্মে, যেখানে ন্যূনতম যাত্রী-সুবিধাও নেই। নেই পর্যাপ্ত বসার ব্যবস্থা, সঠিক তথ্য প্রদর্শনের জন্য ডিসপ্লে বোর্ড বা ঘোষণাপদ্ধতি। ফলে যাত্রীদের প্রতিদিনই ভোগান্তি পোহাতে হচ্ছে।

যাত্রী অভিষেক রায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “রায়গঞ্জ স্টেশনে জরুরি ভিত্তিতে উভয় প্ল্যাটফর্মে ইলেকট্রনিক কোচ ইন্ডিকেটর সিস্টেম, ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড, বড় প্রতীক্ষালয়, ডিজিট্যাল অ্যানাউন্সমেন্ট সিস্টেম, চতুর্থ ও পঞ্চম লুপ লাইন এবং তৃতীয় প্ল্যাটফর্ম চালুর প্রয়োজন। এখানে এলে মনে হয়, কোনো প্রত্যন্ত গ্রামের স্টেশন এটা। রেলমন্ত্রক কোনো গুরুত্বই দেন না এই স্টেশনকে।”

আরেক যাত্রী জগাই দাস বলেন, “রেলের কোচ গুলো প্ল্যাটফর্মে জায়গা সংকুলান হয়না। বৃষ্টি বা রোদে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। দূরপাল্লার যাত্রীদের জন্য এটা অপমানজনক।”

উত্তর দিনাজপুর রেল উন্নয়ন মঞ্চের সম্পাদক অঙ্কুশ মৈত্র জানান, “বছরের পর বছর দাবি জানানো হলেও রেল কর্তৃপক্ষের উদাসীনতা চোখে পড়ে। এবার আর চুপ করে বসে থাকা হবে না, প্রয়োজনে আন্দোলনে নামতে হবে।” এখন দেখার বিষয়, যাত্রী ও সংগঠনের ক্ষোভের মুখে রেল কত দ্রুত পদক্ষেপ নেয়।

Advertisement
Live Cricket Score
upskillninja