
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ পুজো মানেই উৎসব, আনন্দ, থিমে ভাবনার ছোঁয়া। আর এবারে রায়গঞ্জের অরবিন্দ স্পোর্টিং ক্লাব তাদের ৭০তম বর্ষে পা দিতে চলেছে এক গভীর বার্তা নিয়ে—থিম ‘ভারসাম্য’। গত বছর ‘জুরাসিক পার্ক’-এর থিমে চমকে দিয়েছিল ক্লাব। এবারে থিমের কেন্দ্রে রয়েছে পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার প্রয়াস।

ক্লাবের সম্পাদক সম্রাট বোস বলেন, “বিজ্ঞানের অগ্রগতিকে অস্বীকার করা যাবে না, কিন্তু তার ফলে যে পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে, সেটাই আমাদের ভাবাচ্ছে। নগরায়নের ধাক্কায় প্রকৃতি হারাচ্ছে নিজের রূপ। তাই এবারে পুজো মন্ডপে থাকবে পরিবেশবান্ধব বার্তা।”

কোষাধ্যক্ষ দুলাল বসাক জানান, “এই থিম বাস্তবায়নের জন্য মন্ডপ নির্মাণের দায়িত্বে রয়েছেন মহারাজার রঞ্জন দে, প্রতিমা গড়ছেন বাপি সাহা এবং আলোর জাদু তৈরি করবেন রতন কুমার রায়। পুজো মন্ডপে ব্যবহার করা হচ্ছে বাঁশ, শুকনো ফল, লতাগুল্ম ও নানা গাছপালা—যাতে প্রাকৃতিক ভারসাম্যের বার্তা আরও জীবন্ত হয়ে ওঠে।”

বিশেষ নজর দেওয়া হচ্ছে পরিবেশবান্ধব উপকরণের ব্যবহারে। প্লাস্টিক বা কৃত্রিম জিনিসপত্র নয়, বরং মাটির গন্ধে ও সবুজে মোড়া থাকবে এবারের অরবিন্দ স্পোর্টিং ক্লাবের পুজো মন্ডপ। ৭০ বছরের ইতিহাসে এই পুজো নতুন এক মাইলফলক ছুঁতে চলেছে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। এখন শুধু অপেক্ষা মহালয়ার, আর তারপরেই শুরু হবে এই ‘ভারসাম্য’র রঙিন, অথচ সচেতন বার্তায় ভরপুর যাত্রা।






