
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ “কন্যা সন্তান গাছ লাগিয়ে গড়বে সুন্দর ভবিষ্যৎ”—এই বার্তা সামনে রেখেই রায়গঞ্জ ব্লক অফিসের বিশেষ উদ্যোগে শুক্রবার ফলের গাছ বিতরণ করা হলো কন্যাশ্রী প্রকল্পে অন্তর্ভুক্ত ছাত্রীদের মধ্যে। রায়গঞ্জের তিনটি স্কুল—মাড়াইকুড়া ইন্দ্র মোহন বিদ্যাপীঠ, কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠ এবং প্রমোদা সুন্দরী বালিকা বিদ্যালয়ের মোট ৩০০ জন কন্যাশ্রী মেয়েকে এই ফলদ বৃক্ষ তুলে দেওয়া হয়। প্রতিটি মেয়েকে একটি করে আম, লিচু, কাঁঠাল বা জামরুল গাছের চারা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক অফিসের কন্যাশ্রী ডেটা ম্যানেজার সুভাষ কুমার আরিয়া সহ স্কুল গুলোর শিক্ষক শিক্ষিকারা। সুভাষ বাবু জানান, “কন্যাশ্রী প্রকল্পের মেয়েরা শুধুই শিক্ষার আলো ছড়াচ্ছে না, এবার তারা পরিবেশ রক্ষার বার্তাও সমাজে ছড়িয়ে দেবে। প্রত্যেকটি কন্যাশ্রী মেয়ে যদি একটি করে গাছ লাগায় এবং সেটিকে বড় করে তোলে, তাহলে আগামী দিনে আমাদের গ্রাম এবং শহর আরও সবুজ হয়ে উঠবে।”

তিনি আরও বলেন, “এই উদ্যোগের মাধ্যমে কন্যাশ্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলা, প্রকৃতির প্রতি ভালোবাসা বাড়ানো এবং নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার এক নতুন ভাবনা জড়িয়ে রয়েছে। আমরা আশা করি এই কর্মসূচি আরও ছড়িয়ে দেওয়া যাবে জেলার অন্যান্য স্কুলগুলিতেও।”

উল্লেখ্য, কন্যাশ্রী প্রকল্প রাজ্য সরকারের একটি সফল প্রকল্প, যা মেয়েদের শিক্ষায় উৎসাহ দেওয়ার পাশাপাশি তাদের সামাজিক সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার দিকেও বিশেষ নজর দেয়। এবার সেই প্রকল্পের সঙ্গেই যুক্ত হলো পরিবেশরক্ষার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।






