Explore

Search

July 9, 2026 4:37 pm

IAS Coaching

এবার রায়গঞ্জ থেকে শিলিগুড়ি ও বহরমপুর মুখী সিএনজি বাস পরিষেবা

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ পরিবেশ বান্ধব যাতায়াত ব্যবস্থার পথে এক নতুন অধ্যায় শুরু করতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। আগামী ৩১শে জুলাই থেকে রায়গঞ্জ থেকে শুরু হচ্ছে শিলিগুড়ি ও বহরমপুরগামী সিএনজি বাস পরিষেবা। এই প্রথমবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থেকে দূরপাল্লার রুটে চলবে সিএনজি চালিত সরকারি বাস।

এদিন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ভাইস চেয়ারম্যান ও করণদিঘির বিধায়ক গৌতম পাল জানান, “পরিবেশ রক্ষার স্বার্থে জ্বালানি সাশ্রয়ী ও দূষণহীন সিএনজি বাস পরিষেবা চালু করা এখন সময়ের দাবি। রাজ্য সরকার সেই দিকেই এগোচ্ছে।” রায়গঞ্জ থেকে প্রতিদিন একটি বাস শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবে এবং অপরটি বহরমপুর পর্যন্ত যাতায়াত করবে। পরিষেবার উদ্বোধন করবেন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতীম রায়।

এই পরিষেবায় যাত্রীরা যেমন আরামদায়ক যাত্রার অভিজ্ঞতা পাবেন, তেমনি পরিবেশও উপকৃত হবে বলে আশা প্রকাশ করেছেন পরিবহণ আধিকারিকরা। উল্লেখযোগ্য, সিএনজি চালিত বাসগুলি তুলনামূলকভাবে কম শব্দ সৃষ্টি করে ও কম কার্বন নিঃসরণ করে।

স্থানীয় বাসযাত্রীদের মধ্যে পরিষেবা চালুর খবর ছড়িয়ে পড়তেই উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। অনেকেই বলছেন, একদিকে যেমন যাতায়াতে নতুন বিকল্প তৈরি হল, তেমনি পরিবেশবান্ধব উদ্যোগও বাস্তবায়িত হচ্ছে। উত্তরবঙ্গের পরিবহণ ব্যবস্থায় এই সিএনজি বাস পরিষেবা যে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে, তা বলাই বাহুল্য।

Advertisement
Live Cricket Score
upskillninja