
#রায়গঞ্জঃ আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে জোরকদমে প্রস্তুতি শুরু করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF)। এদিন দলের পক্ষ থেকে সমগ্র রাজ্য সহ উত্তর দিনাজপুর জেলার দুটি বিধানসভা কেন্দ্রের জন্য পর্যবেক্ষকদের নাম ঘোষণা করা হয়েছে। এদিন, দলের জেলা কনভেনার অধ্যাপক বাপি সরেন জানান, বর্তমান সময়ের প্রেক্ষিতে জনগণ সাম্প্রদায়িক বিজেপি এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের শাসনে অতিষ্ঠ। পরিবর্তনের আহ্বানে মানুষ একজোট হচ্ছে। সেই পথেই আমরা সংগঠনকে শক্তিশালী করতে মাঠে নামলাম।

এদিন ঘোষিত করণদিঘি বিধানসভা কেন্দ্রের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক বাপি সরেন এবং আবু বক্কর সিদ্দিক। ইটাহার বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক হিসেবে মনোনীত হয়েছেন আনোয়ার হোসেন। জেলা নেতৃত্ব বাপি সরেনের বক্তব্য, এটি প্রথম পর্যায়ের ঘোষণা। আগামী দিনে উত্তর দিনাজপুরের প্রতিটি বিধানসভা কেন্দ্রেই পর্যবেক্ষক নিয়োগ করা হবে।

দলের লক্ষ্য হল ২০২৬ সালে এক নতুন রাজনৈতিক বিকল্প প্রতিষ্ঠা এবং রাজ্য রাজনীতিতে জনমুখী ও ধর্মনিরপেক্ষ শক্তিকে প্রতিষ্ঠিত করা। ISF আশাবাদী, জনগণের আস্থা ও সমর্থন পেলে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে এক নিশ্চিত পরিবর্তন আসবে। যদিও এসবকে তোয়াক্কা দিতে নারাজ রাজ্যের শাসক দল। তাদের দাবি, আমরা ভোটের রাজনীতি করি না, সারাবছর মানুষের উন্নয়নের জন্য কাজ করি, তাই সাধারণ মানুষের ভোটে আমরাই সরকারে ফিরব।







