
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ শুক্রবার দুপুরে রায়গঞ্জ শহরের কুলিক নদী থেকে এক সংজ্ঞাহীন যুবককে উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। কুলিক সেতুর নিচে ভেসে থাকা ওই যুবককে দেখতে পান স্থানীয় পথচলতি মানুষজন। সঙ্গে সঙ্গে তাঁরা নদীতে নেমে উদ্ধার কাজে হাত লাগান। নদীর জলে ভেসে থাকা অবস্থায় ওই যুবককে উদ্ধার করে তৎক্ষণাৎ একটি টোটোয় চাপিয়ে নিয়ে যাওয়া হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে।

প্রত্যক্ষদর্শী যুবক সঞ্জয় বাসফোর বলেন,
“আর দেরি করলে হয়তো প্রাণ যেত। আমরা ঝাঁপিয়ে পড়ে ওকে টেনে তুলেছি।” আরেক উদ্ধারকারী অজয় বাসফোর বলেন, প্রথমে ভেবেছিলাম স্নান করছে। পরে বুঝতে পারছি যে নেশা করে জলে নেমেছে। জলে ডুবে ডুবে আসছিল। বহু কষ্টে টেনে তুলেছি। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় যুবকটি প্রাণে বাঁচলেও তাঁর অবস্থায় প্রাথমিকভাবে ছিল উদ্বেগজনক। চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

খবর পেয়ে হাসপাতালেই পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ। তারা যুবকের পরিচয় জানার চেষ্টা শুরু করে। জ্ঞান ফিরে এলে ওই যুবক জানান, তাঁর নাম সঞ্জীব দাস। বাড়ি ইটাহার থানার দুর্গাপুর এলাকায়। তবে কীভাবে বা কেন তিনি কুলিক নদীতে এলেন, সে বিষয়ে তিনি স্পষ্টভাবে কিছু বলতে পারেননি। তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার জেরে কুলিক সেতু ও সংলগ্ন এলাকায় দিনভর উৎসুক মানুষের ভিড় ও উত্তেজনা লক্ষ্য করা গেছে।







