Explore

Search

July 9, 2026 6:13 pm

IAS Coaching

তরঙ্গপুরের হোষ্টেল খোলার দাবিতে ডেপুটেশন

#রায়গঞ্জঃ তরঙ্গপুর বড়াল হরলাল গার্লস হাই স্কুলের কস্তুরবা গান্ধী গার্লস হোস্টেলের ছাত্রীরা দীর্ঘদিন ধরে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। অভিযোগ, ছাত্রীদের স্নান করার জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, যা তাদের গোপনীয়তা ও মর্যাদায় হস্তক্ষেপ করেছে। এই ঘটনার জেরে হোস্টেল ছেড়ে বাড়ি ফিরে যেতে বাধ্য হয়েছে অধিকাংশ ছাত্রী। অথচ সামনে দ্বিতীয় সামেটিভ পরীক্ষা। এই পরিস্থিতিতে দ্রুত হোস্টেল খুলে দেওয়ার দাবিতে এবার পথে নামল নিখিলবঙ্গ শিক্ষক সমিতি (এবিটিএ)।

বুধবার দুপুরে এবিটিএ-র উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে জেলা সমগ্র শিক্ষা মিশনের দপ্তরে ডেপুটেশন জমা দেওয়া হয়। জেলা শিক্ষা অধিকর্তা ও জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক)-এর কাছে স্মারকলিপি দিয়ে দ্রুত হোস্টেল খুলে দেওয়ার দাবি জানান শিক্ষক নেতারা।

এদিন এবিটিএ-র জেলা নেতা অনিরূদ্ধ সিনহা বলেন, “একটা গুরুত্বপূর্ণ সরকারি আবাস, যেখানে গ্রামের পিছিয়ে পড়া মেয়েরা থেকে পড়াশোনা করে, তা প্রায় এক মাস ধরে বন্ধ। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা চাই দ্রুত তদন্ত শেষ করে, নির্দোষ শিক্ষক-কর্মীদের স্বস্তি দিয়ে হোস্টেল খুলে দেওয়া হোক, যাতে পড়ুয়ারা ফিরে আসতে পারে এবং পরীক্ষা দিতে পারে।”

এবি টিএ জানিয়েছে, প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তারা। স্থানীয় মহলে প্রশ্ন উঠছে—ছাত্রীদের নিরাপত্তা এবং শিক্ষার স্বার্থে প্রশাসন কত দ্রুত ও সংবেদনশীল সিদ্ধান্ত নেয়। এখন সেদিকেই তাকিয়ে সকলে।

Advertisement
Live Cricket Score
upskillninja