Explore

Search

July 9, 2026 6:13 pm

IAS Coaching

বিজ্ঞান সচেতনতা বাড়াতে শিক্ষামূলক ভ্রাম্যমাণ প্রদর্শনী রায়গঞ্জে

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলা সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে ও উত্তরবঙ্গ সায়েন্স সেন্টারের সহায়তায় জেলার বিভিন্ন বিদ্যালয়ে চলছে শিক্ষামূলক ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী। বিজ্ঞানের প্রতি ছাত্রছাত্রীদের কৌতূহল ও আগ্রহ বাড়ানোর উদ্দেশ্যে আয়োজিত এই প্রদর্শনী সোমবার এসে পৌঁছায় রামপুর ইন্দিরা উচ্চ বিদ্যালয়ে।

প্রদর্শনীতে বিভিন্ন রকমের মডেল, বৈজ্ঞানিক যন্ত্র এবং অভিজ্ঞতামূলক উপকরণ প্রদর্শিত হয়, যা দেখে অভিভূত হয়ে পড়ে ছাত্রছাত্রীরা। বিদ্যুৎ, চৌম্বক, শব্দ, আলোর প্রতিফলন, বায়ুচাপ, সৌরশক্তি সহ দৈনন্দিন জীবনের নানা বিষয় হাতে-কলমে শেখার সুযোগ পায় তারা। চোখে দেখা ও হাতে ছুঁয়ে শেখার এমন সুযোগ পেয়ে পড়ুয়ারা প্রবল উৎসাহে অংশ নেয় প্রদর্শনীতে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার সিংহ বলেন, “আমাদের মত প্রান্তিক এলাকার স্কুলে এমন প্রদর্শনী একদম বিরল। পড়ুয়ারা বইয়ের বাইরের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেল, যা তাদের বিজ্ঞানের প্রতি আগ্রহ আরও বাড়াবে।” তিনি জানান, এই প্রদর্শনী শিক্ষার্থীদের মনে বিজ্ঞানমনস্কতা গড়ে তুলবে ও তাদের ভাবনার জগতে নতুন দিশা দেবে।

জেলা শিক্ষা আধিকারিকদের পক্ষ থেকেও জানানো হয়েছে, আগামী দিনে জেলার অন্যান্য বিদ্যালয়েও এই ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী ঘুরে ঘুরে পৌঁছবে, যাতে জেলার সব ছাত্রছাত্রী বিজ্ঞানচর্চায় উৎসাহ পায়।

Advertisement
Live Cricket Score
upskillninja